এখনো ভিটে ছাড়া সুতারখালীর এক হাজার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আট বছর আগে ঘূর্ণিঝড় আইলার আঘাতে ঘর হারানো রওশনা বেড়িবাঁধে খুপরি ঘরে বাস করছেন। তাঁর মতো অনেকের বসবাস বেড়িবাঁধে। ছবিটি গত রোববার খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের হালদারপাড়া থেকে তুলেছেন সাদ্দাম হোসেন
আট বছর আগে ঘূর্ণিঝড় আইলার আঘাতে ঘর হারানো রওশনা বেড়িবাঁধে খুপরি ঘরে বাস করছেন। তাঁর মতো অনেকের বসবাস বেড়িবাঁধে। ছবিটি গত রোববার খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের হালদারপাড়া থেকে তুলেছেন সাদ্দাম হোসেন

‘একসময় আমাদের সব ছিল। পুকুরসহ বসতভিটা। গোয়াল ভরা গরু, হাঁস-মুরগি। আট বছর আগে ঝড়-জলোচ্ছ্বাসে সবকিছু ভেসে যায়। শুধু পরনের কাপড় নিয়ে পাউবোর (পানি উন্নয়ন বোর্ড) বেড়িবাঁধে আশ্রয় নিয়েছিলাম। আট বছরেও নিজেদের ভিটায় আর উঠতে পারিনি। সব হারিয়ে সেই থেকে বাঁধের ওপর বাস করছি।’ কথাগুলো বলছিলেন খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের আলেক গাজী পাড়ায় বেড়িবাঁধের বাসিন্দা তাপসী মিস্ত্রি।
২০০৯ সালের ২৫ মে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলার প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে সুতারখালী ইউনিয়নের ১০ হাজার পরিবারের বাড়িঘর বিধ্বস্ত হয়। তাদের অনেকেই বসতভিটায় ফিরতে পারেনি। অনেকে এলাকা ছেড়ে চলে গেছে। উপকূলীয় ১১ জেলায় আইলা আঘাত হানে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি আর হতাহতের ঘটনা ঘটে খুলনার দাকোপ ও কয়রা উপজেলা এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলায়। খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের হিসাবে, আইলায় ১৯০ জনের মৃত্যু হয়।
আইলা আঘাত হানার পর থেকে সুতারখালী ইউনিয়নের প্রায় এক হাজার পরিবার নলীয়ান নদের দুই পারে বাঁধের ওপর ছোট কুঁড়েঘর তুলে বাস করছে। তখন কিছু দুর্গত মানুষকে ঢেউটিন দিয়েছিল একটি বেসরকারি সংস্থা। যারা ঢেউ টিন পায়নি, তারা গোলপাতা ও খড় দিয়ে ঘর তৈরি করে আছে। সেখানে নেই সুপেয় পানির কোনো ব্যবস্থা। বৃষ্টির পানি ধরে রেখে তারা তা পান করে। আর ওই পানি না থাকলে এক থেকে দেড় কিলোমিটার হেঁটে গিয়ে পানি আনতে হয় তাদের। সুতারখালী ইউনিয়নের গুনারী, হালদার পাড়া, আলেক গাজী পাড়া, বাইন পাড়া এবং কামারখোলা ইউনিয়নের জালিয়াখালি, কালীনগর, শ্রীনগরসহ বিভিন্ন এলাকায় তারা বাস করছে। সম্প্রতি সেখান গিয়ে তাদের দুর্ভোগের চিত্র চোখে পড়ে।
আইলায় খুলনা জেলার মধ্যে দাকোপের ৩২ নম্বর পোল্ডার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই পোল্ডার সুতারখালী ও কামারখোলা ইউনিয়ন নিয়ে গঠিত। ওই এলাকার বেশির ভাগ বাড়িঘর বিলীন হয়ে যায়। দীর্ঘদিন লবণাক্ত পানি আটকে থাকায় গাছপালাও মরে যায়।
উপজেলা পরিষদ সূত্র জানায়, আইলায় সুতারখালী ইউনিয়নের ১০ হাজার ৬০০ এবং কামারখোলা ইউনিয়নের ৪ হাজারের বেশি পরিবারের ঘরবাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আইলায় মূলত নলীয়ান ও শিবসা নদীর সংযোগস্থলের বাঁধ ভেঙে ওই এলাকা প্লাবিত হয়। পানি আটকে থাকে প্রায় আড়াই বছর। ভাঙা বেড়িবাঁধ সংস্কার করার পর পানি কমতে শুরু করলে মানুষ আবার নিজেদের মতো করে ঘর বাঁধতে শুরু করে। অনেক মানুষ চলে যায় এলাকা ছেড়ে। বিশ্বব্যাংকের অর্থায়নে ৩২ নম্বর পোল্ডারের বাঁধ উন্নয়নের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে নলীয়ান নদের বাঁধও আছে। ওই বাঁধ নির্মাণ শেষ হলে আবার নিজেদের ভিটায় ফিরতে পারবে তারা।
সুতারখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাসুম আলী ফকির বলেন, আইলায় এ ইউনিয়নেই ভিটে থেকে উচ্ছেদ হয়ে বাঁধের ওপর আছে এক হাজারের বেশি পরিবার। আর উদ্বাস্তু হয়ে এলাকা ছেড়েছে এমন মানুষের সংখ্যাও অনেক। আইলা আঘাত হানার পরপর সরকার ও কিছু বেসরকারি সংস্থা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসে। পরে আর তেমন কোনো সাহায্য এই এলাকার মানুষ পায়নি। তবে তাদের জন্য কিছু করার চেষ্টা চলছে।
দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসেন বলেন, ‘আমরা চেষ্টা করছি ওই সব পরিবারের নামে খাসজমি বন্দোবস্ত দিয়ে তাদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করার।’