মৌলভীবাজারের মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণের ২০ বছর পূর্ণ হচ্ছে আজ। ১৯৯৭ সালের ১৪ জুন খননের সময় গ্যাসকূপে বিস্ফোরণ ঘটে। আগুনে পুড়ে কূপ-সংলগ্ন লাউয়াছড়া জাতীয় উদ্যান, রেলপথ, সড়ক, চা-বাগান, পানপুঞ্জি, বিদ্যুৎ-লাইনসহ আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়। সরকারি প্রতিবেদনে কূপ খননকারী প্রতিষ্ঠান মার্কিন কোম্পানি অক্সিডেন্টালকে দায়ী করা হয়। তবে এখনো কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি।
১৯৯৭ সালে গ্যাস অনুসন্ধানকারী মার্কিন কোম্পানি অক্সিডেন্টাল মাগুরছড়া গ্যাসকূপ খননের কাজ করছিল। ওই বছরের ১৪ জুন মধ্যরাতে খননকাজ গ্যাসকূপের ৮৫০ ফুট গভীরতায় পৌঁছালে হঠাৎ গ্যাসের প্রবল চাপে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে কূপে আগুন ধরে যায়। প্রচণ্ড তাপে ঢাকা-সিলেট রেললাইন ও শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের মাগুরছড়া অংশ, মাগুরছড়া আদিবাসী খাসিয়া পানপুঞ্জি, ফুলবাড়ি চা-বাগান, বিদ্যুৎ লাইন এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি এই দুর্ঘটনার জন্য অক্সিডেন্টালের অবহেলাকে দায়ী করে। এতে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য পুড়ে যাওয়া গ্যাসের পরিমাণ ধরা হয় ২৪৫ দশমিক ৮৬ বিলিয়ন ঘনফুট। কমিটি আর্থিক ক্ষতির পরিমাণ নিরূপণ করেনি। তবে তদন্ত প্রতিবেদন অনুযায়ী সে সময় অক্সিডেন্টালের কাছে বিভিন্ন দল ও সংস্থার পক্ষ থেকে ১৪ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের আগস্টে অক্সিডেন্টাল মাগুরছড়া গ্যাসকূপসহ তাদের ব্যবসা মার্কিন কোম্পানি ইউনিকলের কাছে হস্তান্তর করে। ইউনিকল দায়িত্ব নেওয়ার পর ক্ষতিপূরণ বিষয়ে টালবাহানা শুরু করে। পরবর্তী সময়ে এ গ্যাসকূপের দায়িত্ব পায় শেভরন বাংলাদেশ। গ্যাসকূপ বিস্ফোরণে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পুনর্বাসন ও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে ৬০০ কোটি টাকার বিনিয়োগ প্রয়োজন। গ্যাসকূপ খননে নিয়োজিত অক্সিডেন্টালের কাছে এই পরিমাণ টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়। কিন্তু বনাঞ্চল ও পরিবেশের জন্য এ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ পাওয়া যায়নি।
লাউয়াছড়া আদিবাসী পানপুঞ্জির মন্ত্রী (পুঞ্জিপ্রধান) এবং বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ফিলা পতমি বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানে গ্যাসকূপ বিস্ফোরণের আগে ও পরে অনেক পার্থক্য ধরা পড়ে।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের তত্ত্বাবধানে থাকা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো গতকাল মঙ্গলবার বলেন, ‘মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণে বন্য প্রাণী ও পরিবেশের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ক্ষতিপূরণের ব্যাপারে অগ্রগতি নেই।’
আজকের কর্মসূচি
মাগুরছড়া গ্যাসকূপ বিস্ফোরণে ক্ষতিপূরণ আদায়ের দাবিতে আজ বুধবার বেলা ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখা।