এখনো যাওয়ার অপেক্ষায় প্রায় ৪৪ হাজার হজযাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শেষ হজ ফ্লাইটের আর সাত দিন বাকি। এর পরদিন সৌদি এয়ারলাইনসের শেষ হজ ফ্লাইট। এর মধ্যে ৪৩ হাজার ৯৮৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে হবে। দুটি এয়ারলাইনস গতকাল শনিবার ১১টি ফ্লাইটে ৪ হাজার ২৮৭ হজযাত্রী নিয়ে যায়। এই সময়ের মধ্যে সব হজযাত্রীকে নিয়ে যাওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছে বিমান কর্তৃপক্ষ।

এর মধ্যে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় গতকাল শনিবারও বিমানের একটি হজ ফ্লাইট (৪১৯ আসনের) পিছিয়েছে। সেটির যাত্রার সময় পুনর্নির্ধারণ করা হয় ২৫ আগস্ট। এ নিয়ে গত ২২ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ৩২টি হজ ফ্লাইট বাতিল ও পেছানো হয়েছে। সময়মতো বাড়ি ভাড়া ও ভিসা না করানোর কারণে এই যাত্রীসংকট হয়। এখন শেষ সময়ে এসেও সংকট পুরোপুরি কাটেনি।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ প্রথম আলোকে বলেন, বিমানের প্রতিদিনের ফ্লাইট ধারণক্ষমতার চেয়ে কম যাত্রী (আন্ডারলোড) নিয়ে যাচ্ছে। তাই বাকি ৪৪ হাজার হজযাত্রীকে সৌদি পাঠাতে অনিশ্চয়তা আছে। তিনি বলেন, প্রতিদিনের সবগুলো স্লট (সৌদিতে বিমান অবতরণের অনুমতি) ব্যবহার করা গেলে এবং অন্তত বাড়তি এক দিন হজযাত্রী পরিবহনের অনুমতি পেলে এই সংকট কাটানো সম্ভব।

ধর্ম মন্ত্রণালয় বলেছে, গতকাল বিমানের সাতটি ও সৌদি এয়ারলাইনসের চারটি ফ্লাইটে ৪ হাজার ২৮৭ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। তবে যাত্রীর অভাবে এই ১১টি হজ ফ্লাইটে ৪২৬টি আসন ফাঁকা গেছে। আসন ফাঁকা যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে হজ কার্যালয়ের পরিচালক মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এই যাত্রীসংকট বড়জোর আজ রোববার পর্যন্ত থাকবে। এরপর আর এ সংকট থাকবে না।

শেষ মুহূর্তে এসেও এই হজযাত্রী সংকটের কারণ কী—এ প্রশ্নের জবাবে সাইফুল ইসলাম বলেন, হজ এজেন্সিগুলো যাত্রীদের আগেভাগে বুকিং দিয়েছিল। কিন্তু তারা হজযাত্রীদের জন্য সময়মতো সৌদি আরবে বাড়ি ভাড়া করতে পারেনি, বিমানে বুকিং দেওয়া টিকিটও পরে নেয়নি। এ কারণেই এত দিন হজ ফ্লাইট বাতিল হয়েছে। তিনি আশাবাদী, সব হজযাত্রীকে সৌদি আরবে পাঠানো সম্ভব হবে।

আশকোনায় হজ কার্যালয় সূত্র বলছে, গতকাল পর্যন্ত ২ হাজার ৭১৩ জন হজযাত্রীর ভিসা হয়নি। তবে হজ কার্যালয়ের পরিচালক সাইফুল ইসলাম দাবি করেন, তাঁদের হাতে সোমবার পর্যন্ত সময় আছে। এর মধ্যেই বাকি ভিসার কাজ হয়ে যাবে।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করতে যাওয়ার কথা। হজ কার্যালয়ের হিসাবে, গতকাল বিকেল পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ১৫ জন ভিসার জন্য নিবন্ধন করেছেন। বাকি ১৮৩ জনের পাসপোর্ট রাজধানীর আশকোনার হজ কার্যালয়ে জমাই পড়েনি।

গতকাল সন্ধ্যা ছয়টার দিকে হজ কার্যালয় থেকে বলা হয়েছে, তখন পর্যন্ত মোট ভিসা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪৮৫ জনের। আর গতকাল পর্যন্ত সৌদি আরবে পৌঁছান ৮০ হাজার ৪৯৬ জন হজযাত্রী। বিমান ২৬ আগস্ট পর্যন্ত ও সৌদি এয়ারলাইনস ২৭ আগস্ট পর্যন্ত প্রাক্‌-হজ ফ্লাইট পরিচালনা করবে। গত ২৪ জুলাই বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ বলছে, তারা বাড়তি দুই দিন হজ ফ্লাইট পরিচালনা করতে চায়। এ জন্য সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে স্লটের আবেদন করেছে। গতকাল পর্যন্ত সেই আবেদনের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে জানান বিমানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।