এখনো রোগীদের পাঠানো হচ্ছে রোগনির্ণয় কেন্দ্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবার উন্নতি হয়নি। হাসপাতালে আধুনিক যন্ত্র থাকার পরও এক সপ্তাহ ধরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাইরের রোগ নির্ণয়কেন্দ্র (ডায়াগনস্টিক সেন্টার) থেকে সিটি স্ক্যানসহ অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা চলছেই।

২১ জুন প্রথম আলোয় ‘রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল: সচল যন্ত্রপাতি, অচল সেবা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর আট দিন পর পরিচালকের পক্ষ থেকে গত শনিবার কর্মচারী ইউনিয়নের যুগ্ম সম্পাদক হালিয়ার রহমানকে প্রধান করে আট সদস্যের একটি পরিদর্শন দল গঠন করা হয়।

গত তিন দিন খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিটি ওয়ার্ডের অবস্থা আগের চেয়েও খারাপ হয়েছে। চিকিৎসকেরা এখনো অধিকাংশ রোগীকে রোগ নির্ণয়ের জন্য ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পরামর্শ দিচ্ছেন। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

যেদিন পরিদর্শন দল গঠন করা হয়েছে, ওই দিনই ১৯ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডের রোগী আজাদ আলীর (৪৫) সিটিস্ক্যান করা হয় বাইরের রংপুর সিটি স্ক্যান অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে। একই ওয়ার্ডের আফজাল হোসেনের (৪০) সিটিস্ক্যান করা হয় পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে। অথচ হাসপাতালেই সিটিস্ক্যানের ব্যবস্থা ছিল। হাসপাতালে পরীক্ষা করালে ব্যয় হতো দুই হাজার টাকা। বাইরে খরচ পড়েছে সাড়ে তিন হাজার টাকা। এ ছাড়া গত ২৬ জুন আমির আলীর (৬০) রক্ত পরীক্ষা ও এক্স-রেসহ একাধিক পরীক্ষা করাতে হয়েছে অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে। আমির আলী বলেন, ‘হাসপাতালের এসব পরীক্ষা করালে আমার ব্যয় হতো ৭০০ টাকা। কিন্তু বাইরে থেকে আড়াই হাজার টাকায় করতে হয়েছে। ডাক্তার করতে বললে আমাদের কী করার আছে?’

এ ব্যাপারে প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান আফরোজা বেগম বলেন, পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা হাসপাতালেই রয়েছে। কিন্তু চিকিৎকেরা বাইরে যাওয়ার পরামর্শ দিলে রোগীরা বাধ্য হয়েই সেখানে যান।

নবগঠিত পরিদর্শন দলের প্রধান হালিয়ার রহমান জানান, ডায়াগনস্টিক সেন্টারের কেউ যাতে হাসপাতালে প্রবেশ করতে না পারে, এ জন্য সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। কিন্তু চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিলে সেটা তাঁদের দেখার বিষয় নয়।

হাসপাতালের পরিচালক গোলাম মোস্তফা বলেন, ‘এখানে আমি বড় অসহায়। এ ব্যাপারে সব চিকিৎসক ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেছি।’