এখনো শিউরে ওঠেন তিন যুবক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৮ বছর ধরে ট্রাক চালাই। আল্লাহর রহমতে কোনো দিন দুর্ঘটনায় পড়িনি। আমি এমন ঘটনা ভাবতেও পারি না। এমন নির্দয় কীভাবে মানুষ হয়। গাড়ি ভাঙল। আগুন দিল। কিন্তু আমাদের কেন নামতে দিল না তারা! কিরিচ নিয়ে দাঁড়িয়ে রইল, যাতে নামতে না পারি।’যন্ত্রণায় ছটফট করতে থাকা মো. কামালের (৩২) কণ্ঠে ফুটে ওঠে সেই দিনের ভয়াবহতা। শরীরের ২৫ শতাংশ পুড়ে যাওয়া কামালের জীবনশঙ্কা কাটেনি এখনো। জানতে চান কামাল, ‘আমার যদি কিছু হয়ে যায় কে নেবে আমার পরিবারের দায়িত্ব? সরকার না, বিরোধী দল?’১৫ জুলাই জামায়াতের হরতাল শুরু হওয়ার আগে ভোর চারটায় সীতাকুণ্ডে হরতালকারীদের আগুনে ট্রাকের ভেতর দগ্ধ হন কামাল ও তাঁর সহকারী মো. ইউসুফ (২২)। ইউসুফও শঙ্কামুক্ত নন। দুজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।একই হরতালে নগরের আগ্রাবাদ এলাকায় হাতবোমায় আহত যুবক মো. জামালের (২৮) পঙ্গুত্ববরণের আশঙ্কা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য গতকাল জামালকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাওয়া তিন যুবক সেই দিনের ঘটনার কথা মনে হলে এখনো শিউরে ওঠেন। জামাল বলেন, ‘আমি দোকান বন্ধ করে তালাটি মারতে গেছি। তখনই আমাকে লক্ষ করে বোমা মারল তারা। আমরা খেটে খাওয়া মানুষ। যদি পঙ্গু হয়ে যাই, তাহলে আমার পরিবারের কী হবে?’কুমিল্লার নাঙ্গলকোটের এই যুবক নগরের আগ্রাবাদে ফুটপাতের ওপর একটি ফ্লেক্সিলোডের দোকান করে সংসার চালাতেন। দুর্ঘটনার খবর পেয়ে বাড়ি থেকে মা ও স্ত্রী ছুটে এসেছিলেন। জামালের শয্যাপাশে বসা মা আমেনা বেগম জানান, ‘টাকা নেই। কীভাবে তাঁর চিকিৎসা করাব জানি না।’ জামালের ডান পায়ের হাঁটুর নিচের হাড়টি (কাফ) বোমার আঘাতে টুকরা টুকরা হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে টিসুও। চমেক হাসপাতালে অস্ত্রোপচার হলেও এখনো পায়ের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত চিকিৎসকেরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘তাঁর হাড় গুঁড়া হয়ে গেছে। টিসু নষ্ট হয়ে গেছে অনেক। এখনই পুরোপুরি ভালো হবে কি না তা বলা যাচ্ছে না। উন্নত চিকিৎসার জন্য তাঁকে পঙ্গু হাসপাতালে পাঠানো হচ্ছে।’ চিকিৎসকেরা জানিয়েছেন, জামালের জন্য দুই ব্যাগ রক্ত দিতে হবে। কিন্তু তাঁর ‘ও নেগেটিভ’ গ্রুপের রক্ত পাওয়া যাচ্ছে না।কামাল ও ইউসুফের বাড়ি ফেনীর সোনাগাজীতে। হাসপাতালের শয্যায় দুজন পাশাপাশি শুয়ে আছেন। দুর্ঘটনায় ছাড়খার হয়ে গেছে তাঁদের স্বপ্ন। কামালের মুখ, বুক, কান, চোখ, পিঠ সব পুড়ে গেছে। ডান চোখে এখন দেখতে পান না। বাম চোখে অল্প অল্প দেখেন তিনি। পাশে বসা কামালের স্ত্রী নুরুন নাহার বলেন, ‘কী যে কষ্ট সেটা বলে বোঝানো যাবে না। ছটফট করেন সারাক্ষণ। এমনভাবে পুড়েছে যে বুকের হাড়ও দেখা যাচ্ছে।’ ইউসুফের শরীরের ১৭ ভাগ পুড়ে গেছে। তাঁর পিঠের দিকে বেশি ক্ষতি হয়েছে। ইউসুফ জানান, ‘যদি পুলিশ আরেকটু আগে আসত কিংবা পেছন থেকে বাঁশি ফুঁ দিত, তাহলে আমাদের গাড়িতে আগুন দিতে পারত না। এখন অনেক দিন চিকিৎসা নিতে হবে বলে চিকিৎসক জানিয়েছেন।’ বার্ন বিভাগের চিকিৎসক মিসমা ইসলাম বলেন, ‘দুই রোগী কিছুটা ভালো। তবে এখনো শঙ্কামুক্ত বলা যাবে না। যেকোনো মুহূর্তে পোড়া রোগীর অবস্থার পরিবর্তন হয়ে যেতে পারে।’ জীবন বাঁচলেও ভবিষ্যতে ভারী কোনো কাজ কারতে পারবেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন চিকিৎসকেরা।