মাওয়া-কাওরাকান্দি নৌপথে পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনার চার বছরেও বিচারের আওতায় আসেনি দায়ী ব্যক্তিরা। এ দুর্ঘটনায় ৪৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় নিখোঁজ ৬৪ জন যাত্রীর সন্ধান মেলেনি আজও। এর বেশির ভাগই মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা।
নৌপথে এত বড় দুর্ঘটনার পরও এখনো এই নৌপথে বন্ধ হয়নি লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন। মালিকদের অতিরিক্ত মুনাফার লোভে লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া থামেনি। বিআইডব্লিউটিএ ও উপজেলা প্রশাসনকে দায়ী করেছেন অনেকেই।
২০১৪ সালের ৪ আগস্ট ঈদের ছুটি শেষে মাওয়া-কাওরাকান্দি (বর্তমানে কাঁঠালবাড়ি-শিমুলিয়া) নৌপথ হয়ে রাজধানী ঢাকায় ফিরছিল দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। এ সময় পিনাক-৬ নামের লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রী বহনের কারণে লঞ্চটি পদ্মায় ডুবে যায়। এই লঞ্চ দুর্ঘটনায় বরিশাল, ভোলা, চাঁদপুর, শরীয়তপুরসহ বিভিন্ন এলাকা থেকে ৪৯টি মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ থাকে ৬৪ যাত্রী। উদ্ধার করা লাশের মধ্যে ২১ জনকে মাদারীপুরের শিবচরে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। এর মধ্যে ডিএনএ টেস্টের মাধ্যমে তিনজনের পরিচয় পাওয়া গেলেও অন্য ১৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
লঞ্চ দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী শিবচরের স্থানীয় বাসিন্দা এইচ এম খলিল বলেন, ‘পিনাক-৬ নামের লঞ্চটি ডুবে যাওয়ার পর নদীতে একের পর এক লাশ ভেসে ওঠে। লাশগুলো আমরা একটি স্কুলে সারি করে রাখি। লাশগুলোর পাশেই চলছিল স্বজনদের আহাজারি। সে কথা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে। কী ভয়ানক ছিল সেই দিনটি!’
স্বচ্ছতার জন্য নাগরিকের (স্বজন) সমন্বয়ক এস ই জাসচু প্রথম আলোকে বলেন, ‘স্বজন হারানোর বেদনা স্বজনেরাই বুঝতে পারে। পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনার এই দিন আমাদের কাছে স্মরণীয় ও বেদনাদায়ক। আমরা প্রায়ই দেখি, এই গুরুত্বপূর্ণ নৌপথে অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চগুলো চলাচল করছে। এতে দুর্ঘটনার শঙ্কা থেকেই যায়। নৌপথে দায়িত্বরত কর্তৃপক্ষের উচিত এসব বিষয়ে নজর বাড়ানো।’
এ ঘটনায় মুন্সিগঞ্জের লৌহজং থানায় পুলিশ বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা করে। মামলার আসামি লঞ্চের মালিক কালু মিয়া ও তাঁর ছেলে লিমন গ্রেপ্তারের কিছুদিন পরে জামিনে বেরিয়ে আসেন। অন্যরা এখনো রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। মামলায় আটজন তদন্ত কর্মকর্তা রদবদলের পরে ২০১৭ সালের ডিসেম্বর মাসের শেষে দিকে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনার পরে কালু মিয়া ও তাঁর ছেলে লিমনকে গ্রেপ্তার করা হয়। গত বছরের শেষে দিকে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়, যা এখন বিচারাধীন।
মুন্সিগঞ্জ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এম এ মতিন বলেন, পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনার পর ছয়জনকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। আদালত অভিযোগপত্রটি আমলে নিয়েছেন। এই মামলার বিচারকাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেওয়া আছে।
পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনায় লাশ উদ্ধার হওয়ার পর তা নিয়ে আসা হতো শিবচরের পাঁচ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। উদ্ধার করা লাশের মধ্যে ২১ জনকে শিবচর পৌর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়। সেই শিবচর পৌর কবরস্থানে এখন আর আসে না স্বজন হারানো কেউ।
সরেজমিনে দেখা যায়, লতাপাতার জঙ্গলে ঢেকে গেছে কবরগুলো। হঠাৎ করে বোঝার উপায় নেই যে এখানে কোনো কবর রয়েছে। তত্ত্বাবধানে থাকা একজনের কাছে জানতে চাইলে তিনি একটি কবরের লতাপাতা পরিষ্কার করে বাঁশের বেড়ার সঙ্গে লাগানো একটি সাইনবোর্ড বের করেন। সেখানে লঞ্চ দুর্ঘটনায় নিহত ব্যক্তির কবর এবং একটি কবরের নম্বর লেখা।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘পিনাক-৬ লঞ্চ দুর্ঘটনার পর থেকে আমরা নৌপথে লঞ্চ চলাচলে সতর্ক অবস্থানে আছি। এ ঘটনায় মুন্সিগঞ্জের লৌহজং থানায় মামলা হয়েছে। আমাদের কাছে মামলাসংক্রান্ত কোনো তথ্য বা সহযোগিতা চাওয়া হলে আমরা সব ধরনের সহযোগিতা করব। আর যদি কেউ দাফন হওয়া বেওয়ারিশ লাশের সন্ধান চায়, তাহলে ডিএনএ টেস্টের ফলাফল দেখে তা নিশ্চিত করা যাবে।’
লঞ্চ দুর্ঘটনায় নিহত শিবচর পৌরসভার গুয়াতলা এলাকার নুরুল হকের দুই মেয়ে। তিনি বলেন, ‘দুর্ঘটনার পরে শুনেছি মামলা হয়েছে। কিন্তু এ ঘটনায় অভিযুক্ত যারা, তারা কেউ বিচারের আওতায় আসেনি। তাই আমি বিচারের আশা ছেড়েই দিয়েছি। কী হবে আর কষ্টের কথা বলে? দোষীরা অপরাধ করে বরাবরই বিচারের বাইরে। তাই কার কাছে বিচার চাইব। এ দেশে সরকার আর ওদের বিচার করবে না!’