
ভারতের সঙ্গে বাংলাদেশের নির্বাচনের তুলনা হয় না বলে মত দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। ভারতের কাছ থেকে বাংলাদেশের এখনো শেখার শেষ হয়নি বলেও মন্তব্য করেছেন তিনি।
আজ বুধবার সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বিরোধীদলীয় নেতা আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রওশন এরশাদ।
মতবিনিময় সভার শুরুতে রওশন এরশাদ ভারতের সাম্প্রতিক লোকসভা নির্বাচনের কথা উল্লেখ করেন। ভারতের সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের সঙ্গে বাংলাদেশের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে মৌলিক কোনো পার্থক্য দেখেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রওশন এরশাদ বলেন, ‘দেখেন, ভারতে কত সুন্দরভাবে একটা নির্বাচন হলো। সবাই তা মেনে নিল। অথচ আমাদের দেশে একজন রাজনীতিক আরেকজনকে বিশ্বাস করি না।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘ভারত একটি বিশাল গণতান্ত্রিক দেশ। সে দেশের নির্বাচনের সঙ্গে আমাদের দেশের নির্বাচনের তুলনা হয় না। আমরা এখনো সে সংস্কৃতি গড়ে তুলতে পারিনি। বাংলাদেশের বয়স কম। তাদের কাছ থেকে আমাদের এখনো শেখার শেষ হয়নি।’
বিএনপিসহ নাগরিক সমাজের একটি অংশ থেকে মধ্যবর্তী নির্বাচনের দাবি উঠেছে। জাতীয় পার্টি মধ্যবর্তী নির্বাচন চায় কি না—এ প্রশ্নের জবাবে রওশন এরশাদ বলেন, মধ্যবর্তী নির্বাচনের জন্য জনগণের কাছ থেকে দাবি আসতে হবে। অতীতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করা যায়নি।
রওশন এরশাদ দাবি করেন, অতীতে কোনো বিরোধী দলকেই সংসদে জনগণের সমস্যা সমাধানে সোচ্চার হতে দেখেননি তিনি। খাদ্যে ভেজাল, ফলমূলে বিষ, নদী-পানিদূষণ নিয়ে কথা বলেনি বিরোধী দল। জাতীয় পার্টি এসব নিয়ে সংসদের ভেতরে-বাইরে কথা বলছে। আগামী পাঁচ বছর সে দায়িত্ব পালন করে যাবে।
জাতীয় পার্টিকে অনেকে ‘গৃহপালিত’ বিরোধী দল বলে। সরকার যা শিখিয়ে দেয়, তারা তা-ই করে। এমন প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘অতীতে সংসদ বর্জন, গালাগাল, অশালীন কথাবার্তা হতো। এটাতে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। এখন আমরা সংসদে সেই কাদা ছোড়াছুড়ি করছি না, সে জন্য অনেকে গৃহপালিত বিরোধী দল বলছে।’
মতবিনিময় সভায় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহাম্মেদ বাবলু, বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহসহ দলের কয়েকজন সাংসদ উপস্থিত ছিলেন।