বর্তমান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার এক বছরেও ওই ঘটনায় হওয়া মামলার তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। গত বছরের ১৪ ডিসেম্বর আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালিয়ে আওয়ামী লীগের চার নেতা ও এক পথচারীকে হত্যা করা হয়।
গত বছরের ১৪ ডিসেম্বর নীলফামারী জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজারে তৎকালীন সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা চালান জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীরা। হামলায় কৃষক লীগের টুপামারী ইউনিয়ন শাখার সভাপতি খোরশেদ আলম চৌধুরী, দুই ভাই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ শাহ ও ছাত্রলীগের কর্মী মুরাদ শাহ, আওয়ামী লীগের কর্মী লেবু মিয়া ও পথচারী আবু বক্কর সিদ্দিক নিহত হন। ঘটনার রাতেই সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আকতার বাদী হয়ে নামীয় ১৪ জনসহ অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ছাড়া খোরশেদ চৌধুরীর চাচাতো ভাই ৮৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দেড় হাজার আসামি করে আদালতে আরেকটি মামলা করেন। আদালতের নির্দেশে ওই মামলাটিও পুলিশের মামলার সঙ্গে সংযুক্ত করা হয়।
এদিকে পুলিশের করা মামলার ১ নম্বর আসামি লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীর লাশ গত ১৮ জানুয়ারি জেলা সদরের পলাশবাড়ীতে, অাদালতে দায়ের করা মামলার আসামি আতিকুর রহমানের লাশ ২০ জানুয়ারি সৈয়দপুরে এবং মহিদুল ইসলামের লাশ ১ ফেব্রুয়ারি বগুড়ায় উদ্ধার করে পুলিশ।
খোরশেদ আলম হত্যা মামলার বাদী খোরশেদের চাচাতো ভাই রাশেদ চৌধুরী অভিযোগ করেন, ‘আমরা যেসব আসামি ধরে দিয়েছি তার বাইরে পুলিশ কোনো আসামি ধরে নাই।’
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা প্রথম আলোকে বলেন, দুই মামলার তিন আসামি নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ৬০ জন। তদন্ত এখন শেষ পর্যায়ে। শিগগিরই অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে।