এখনো শেষ হয়নি ৫৩ মামলার বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ বছরেও ১৭ আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা মামলার বিচার শেষ হলো না। এ ঘটনায় করা ১৬১টি মামলার মধ্যে ৫৩টির বিচার এখনো শেষ হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাক্ষী ও আসামিদের মামলার ধার্য তারিখে হাজির করতে না পারায় মামলাগুলো নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে।
২০০৫ সালের এই দিনে সারা দেশের ৬৩ জেলায় (মুন্সিগঞ্জ ছাড়া) একযোগে প্রায় ৫০০ বোমা ফাটিয়ে প্রচলিত শাসন ও বিচারপদ্ধতি বাতিল করে ‘আল্লাহর আইন কায়েমের’ দাবি জানিয়ে প্রচারপত্র ছড়ায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওই হামলায় দুজন নিহত ও ১০৪ জন আহত হন। এরপর গাজীপুর, চট্টগ্রাম, ঝালকাঠি, চাঁদপুর, নেত্রকোনা ও সিলেটে আত্মঘাতী হামলা চালায় জেএমবি। এসব হামলায় বিচারক, আইনজীবী, পুলিশসহ ৩৩ জন নিহত হন।
দেশব্যাপী বোমা হামলার আগ পর্যন্ত জেএমবির বিষয়ে উদাসীন ছিল তৎকালীন চারদলীয় জোট সরকার। ২০০৫ সালের ১৭ আগস্টের পর নড়েচড়ে বসে সরকার। শুরু হয় জেএমবিবিরোধী অভিযান। কয়েক মাসের মধ্যে জেএমবির প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমানসহ শীর্ষস্থানীয় নেতাদের বেশির ভাগই গ্রেপ্তার হন।
এর মধ্যে ঝালকাঠিতে দুই বিচারককে হত্যা মামলার রায়ে শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান, আবদুল আউয়ালসহ ছয় জঙ্গির ফাঁসির আদেশ দেওয়া হয়। ২০০৭ সালের ৩০ মার্চ তাঁদের ফাঁসি কার্যকর করা হয়।
১৭ আগস্টের ঘটনায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়। এর মধ্যে ১০৮টি মামলার বিচার শেষ হয়েছে। এসব মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড, ১১৮ জনের যাবজ্জীবন ও ১১৮ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। এখনো বিচারাধীন রয়েছে ৫৩টি মামলা।
বোমা হামলা মামলার সর্বশেষ রায়টি হয় ১০ আগস্ট ঢাকার একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে। এদিন গাজীপুরের বোমা হামলা মামলায় ১৭ জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। এঁদের মধ্যে ছয়জন আসামি পলাতক রয়েছেন।
১৭ আগস্ট রাজধানীর ৩৩টি স্থানে বোমা হামলার ঘটনায় ১৮টি মামলা হয়। এর মধ্যে নয়টি মামলার কোনো কূলকিনারা করতে না পেরে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলা শেষ করে দেয়। বাকি নয়টির মধ্যে কেবল একটি মামলার রায় হয়েছে। বাকি আটটি মামলা এখনো বিচারাধীন।
এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, এ মামলাগুলোর আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে আরও মামলা আছে। ওই সব মামলার তারিখে সংশ্লিষ্ট জেলার আদালতে তাদের হাজির করতে হয়। ফলে দেখা যায়, কোনো মামলায় সাক্ষী এসেছে তো আসামি হাজির হয়নি। আবার আসামি হাজির থাকলে সাক্ষী অনুপস্থিত। এ কারণে মামলার বিচার নিষ্পত্তি দেরি হচ্ছে। এ অবস্থায় মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সাক্ষীদের হাজির করা ও আসামির অন্যান্য মামলার তারিখের সঙ্গে সমন্বয় করে তারিখ নির্ধারণের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পিপি দাবি করেন।