এগারো বছরেও জেএমবির সারা দেশে একযোগে বোমা হামলার ঘটনায় করা মামলার মধ্যে ৫৩টির এখনো বিচার শেষ হয়নি। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাক্ষী ও আসামিদের মামলার ধার্য তারিখে হাজির করতে না পারায় মামলাগুলো নিষ্পত্তিতে বিলম্ব হচ্ছে।
২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩ জেলায় (মুন্সিগঞ্জ ছাড়া) একযোগে ৫০০ বোমা ফাটিয়ে প্রচলিত শাসন ও বিচারপদ্ধতি বাতিল করে ‘আল্লাহর আইন কায়েমের’ দাবি জানিয়ে প্রচারপত্র ছড়ায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওই হামলায় ২ জন নিহত ও ১০৪ জন আহত হন। এরপর গাজীপুর, চট্টগ্রাম, ঝালকাঠি, চাঁদপুর, নেত্রকোনা ও সিলেটে আত্মঘাতী হামলা চালায় জেএমবি। এসব হামলায় বিচারক, আইনজীবী, পুলিশের সদস্যসহ ৩৩ জন নিহত হন।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ১৭ আগস্টের ঘটনায় দেশের বিভিন্ন থানায় ১৬১টি মামলা হয়। এসব মামলায় মোট আসামি ৬৬০ জন, যার মধ্যে ৪৫৫ জন বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে ১০৮টি মামলার নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড ও ২৪৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। খালাস পেয়েছেন ১১৮ জন। এখনো বিচারাধীন রয়েছে ৫৩টি মামলা।
পুলিশের একটি সূত্র জানায়, নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে ১৭টির অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।
দেশব্যাপী বোমা হামলার আগ পর্যন্ত জেএমবির বিষয়ে উদাসীন ছিল তৎকালীন চারদলীয় জোট সরকার। ২০০৫ সালের ১৭ আগস্টের পর নড়েচড়ে বসে সরকার। শুরু হয় জেএমবির বিরুদ্ধে অভিযান। ছয় মাসের মধ্যে জেএমবির প্রতিষ্ঠাতা শায়খ আবদুর রহমানসহ শীর্ষস্থানীয় নেতাদের বেশির ভাগই গ্রেপ্তার হন।
এর মধ্যে ঝালকাঠিতে দুই বিচারককে হত্যা মামলার রায়ে শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, আতাউর রহমান, আবদুল আউয়ালসহ ছয় জঙ্গির ফাঁসির আদেশ দেওয়া হয়। ২০০৭ সালের ৩০ মার্চ তাঁদের ফাঁসি কার্যকর করা হয়।