এখনো শোকাতুর বাড়ি দুটি
এখনো মাতম থামেনি শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত দুই সচিবের বাড়িতে। চোখের পানি শুকিয়ে এসেছে। চলছে গুমরে কান্না। কুমিল্লায় দাফন শেষে গত শনিবার রাতেই ঢাকায় ফিরেছে বিসিক চেয়ারম্যান অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমানের পরিবার। একই দিন বুদ্ধিজীবী গোরস্থানে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগমের মরদেহ দাফন করা হয় । রাজিয়া বেগমের বাসায় গেলে স্বজনেরা জানান, ৩ আগস্ট তাঁর কুলখানি হবে। সিদ্দিকুর রহমানের শ্যালক মুহিবুল ইসলাম প্রথম আলোকে জানান, চান্দিনায় গ্রামের বাড়িতে সিদ্দিকুর রহমানের মরদেহ দুই মেয়ের কবরের পাশেই দাফন করা হয়েছে।শোক: সড়ক দুর্ঘটনায় দুই কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। সংগঠনগুলো একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়। এ দুই উচ্চপদস্থ কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে সংগঠনগুলোর শোক বিবৃতিতে মন্তব্য করা হয়। বিবৃতিদাতা সংগঠনগুলোর মধ্যে রয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র্র (আসক), বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন, আহলে দরবার শরিফ আঞ্জুমানে আছাদিয়া নুরিয়া সেহাবিয়া, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেসরকারি উন্নয়ন সংগঠন স্টেপস্ টুওয়ার্ডস ডেভেলপমেন্ট ও কর্মজীবী নারী।