দেশে মানসিক চিকিৎসার সবচেয়ে বড় সরকারি প্রতিষ্ঠান পাবনার মানসিক হাসপাতাল নানা সমস্যায় জর্জরিত। চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারীর ১২৩টি পদ শূন্য থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অধিকাংশ চিকিৎসা সরঞ্জাম নষ্ট।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৫৭ সালে সদর উপজেলার হেমাইতপুরে ১১১ একর জমির ওপর ৫০টি শয্যা নিয়ে পাবনা মানসিক হাসপাতাল যাত্রা শুরু করে। ১৯৯৬ সালে এটিকে ৫০০ শয্যায় উন্নীত করা হয়। এখান থেকে প্রতিবছর গড়ে প্রায় ৩০ হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
চিকিৎসাপদ্ধতি: এখানে বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও বিনোদনমূলক—এই তিন বিভাগে রোগীদের চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে রোগীরা বহির্বিভাগে চিকিৎসা নেয়। এই বিভাগ থেকে প্রথম পর্যায়ে রোগীকে এক সপ্তাহের ওষুধ সরবরাহ করা হয়। পরের সপ্তাহে রোগীর উন্নতি ও অবনতির ওপর ভিত্তি করে অন্তর্বিভাগে ভর্তির সিদ্ধান্ত হয়। এখানে ১২০টি পেইং ও ৩৮০টি সাধারণ শয্যা রয়েছে। রোগীর অবস্থা অনুযায়ী বিনোদনমূলক বিভাগে চিকিৎসা দেওয়া হয়ে থাকে।
শূন্য পদ: এখানে চিকিৎসক, সেবিকা, কর্মকর্তা-কর্মচারীর ৫০৪টি পদ আছে। এর মধ্যে জ্যেষ্ঠ পরামর্শকের দুটি পদের দুটিই, ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্ট ও আবাসিক চিকিৎসা কর্মকর্তার দুটি, সহকারী রেজিস্ট্রারের তিনটি পদের দুটি শূন্য, ক্লিনিক্যাল প্যাথলজিস্ট ও বায়োকেমিস্টের একটি করে পদ শূন্য। ক্লিনিক্যাল অ্যাসিসট্যান্টের আটটি ও সাইকিয়াট্রিস্ট সোস্যাল ওয়ার্কারের তিনটি পদ খালি। জ্যেষ্ঠ স্টাফ নার্সের ১০টি ও স্টাফ নার্সের ২১টি, সহকারী থেরাপিস্টের দুটি, ওয়ার্ডবয়ের ২৪টি, পরিচ্ছন্নতাকর্মীর ১১টি, ইইজি টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, লন্ড্রি সুপারভাইজার ও ইমামের একটি করে পদ খালি।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জুবায়ের মিয়া জানান, লোকবল সংকটের কারণে রোগীদের অনেক সেবা থেকেই বঞ্চিত হতে হচ্ছে।
অবকাঠামো সমস্যা: ১৯৫৭ সালে এক, দুই ও তিন তলাবিশিষ্ট ৫৩টি ভবন নিয়ে কার্যক্রম শুরু হয়। এর মধ্যে ব্যবহারের অনুপযোগী হওয়ায় ১২টি ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ২০টি ভবন পাবনা মেডিকেল কলেজ ব্যবহার করছে। বাকি ভবনগুলোতে হাসপাতালের কার্যক্রম চলছে। প্রতিষ্ঠার পর এখানে আর কোনো নতুন ভবন নির্মাণ করা হয়নি।
সরঞ্জাম সমস্যা: ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত হাসপাতালটিতে নতুন কিছু চিকিৎসা সরঞ্জাম দেওয়া হয়। এর মধ্যে একটি ইইজি (মস্তিষ্কের বিভিন্ন সমস্যা পরীক্ষার যন্ত্র), একটি ইসিটি, একটি অটোক্লেপ, একটি ইসিজি যন্ত্র লোকবল সংকটের কারণে এখনো চালু করা সম্ভব হয়নি।
সরেজমিন একদিন: প্রধান ফটক দিয়ে হাসপাতালে প্রবেশ করলেই ডান পাশে বহির্বিভাগ। ৬ অক্টোবর সকাল নয়টায় গিয়ে দেখা যায়, এখানে ৩০-৪০ জন রোগী চিকিৎসার জন্য অপেক্ষা করছে। সামনে এগুলোই হাসপাতালের মূল ভবন। তার আগে ফাঁকা মাঠ। মাঠে বেশ কিছু নারকেলগাছ। একটি সাইনবোর্ডে লেখা আছে, ‘হাসপাতাল মাঠে গরু, ছাগল চরানো নিষেধ’। কিন্তু বাস্তবে মাঠজুড়ে গরু ও ছাগল বিচরণ করছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার ঘোষ বলেন, দুটি ফটকের লোহার দরজা ভেঙে গেছে। ফলে বাইরে থেকে প্রচুর গরু-ছাগল ভেতরে ঢুকে পড়ছে। এগুলো শিগগিরই সংস্কার করা হবে।
হাসপাতালের এসব সমস্যা তুলে ধরে প্রথম আলোতে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পাবনা মানসিক হাসপাতাল যেন ‘পাগলা গারদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরও এসব সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।