এখনো সন্ধান মেলেনি সাভার থেকে নিখোঁজ পাঁচ যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আমিনবাজারের বরদেশী ও বেগুনবাড়ি গ্রামের নিখোঁজ পাঁচ যুবকের এখনো সন্ধান মেলেনি। গত ৫ থেকে ২৩ অক্টোবরের মধ্যে তাঁরা নিখোঁজ হন।নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ১০ অক্টোবর সকালে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হন বরদেশী গ্রামের আবদুস সাত্তার। এর আগে ৫ অক্টোবর বাসা থেকে বের হয়ে আর ফেরেননি একই গ্রামের তমিজ উদ্দিনের জামাতা সাইফুল ইসলাম। ২৩ অক্টোবর দুপুরে ঈদের কেনাকাটার জন্য রাজধানীর উদ্দেশে রওনা দিয়ে নিখোঁজ হন তিন বন্ধু বরদেশী গ্রামের মো. সেলিম ও মনির হোসেন এবং বেগুনবাড়ির সাইফুল ইসলাম। তাঁদের বয়স ২৫ থেকে ৩৩ বছরের মধ্যে।ওই পাঁচজনের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে রাজধানীর দারুস সালাম থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। র্যা বের প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু তার পরও তাঁদের সন্ধান মেলেনি।ওই পাঁচ ব্যক্তির নিখোঁজ হওয়ার পর বিষয়টি তদন্ত করেছিলেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম সরদার। তিনি বলেন, ‘পাঁচ যুবকের নিখোঁজ হওয়ার পর দায়িত্ব পেয়ে আমি বিষয়টি তদন্ত করি। কিন্তু দুই মাস তদন্ত করেও এর কোনো কূলকিনারা করতে পারিনি।’২০১১ সালের ১৭ জুলাই রাতে রাজধানীর দারুস সালাম থেকে বরদেশী গ্রামে বেড়াতে যাওয়া ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে মেরে ফেলে গ্রামবাসী। ওই ঘটনা ধামাচাপা দিতে বরদেশী গ্রামের আবদুল মালেক নিহত ছাত্রদের বিরুদ্ধে সাভার থানায় একটি ডাকাতির মামলা করেন। পরে মালেককে পুলিশ গ্রেপ্তার করে। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।জবানবন্দিতে মালেক নিখোঁজ সাত্তার, সেলিম, মনির ও সাইফুল সম্পর্কে বলেন, ছয় ছাত্রকে পিটিয়ে মারার সময় তিনি ওই চারজনকে ঘটনাস্থলে দৌড়ে যেতে দেখেছেন।তবে জবানবন্দিতে বেগুনবাড়ির সাইফুল সম্পর্কে মালেক কিছু বলেননি।নিখোঁজ সেলিমের ভাই কামাল হোসেন, মনিরের মা হালিমা বেগম ও সাত্তারের ভাই আবুল হোসেন বলেন, ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলা তদন্ত করছে র্যা ব। তাই তাঁদের ধারণা ছিল, র্যা ব ওই পাঁচজনকে নিয়ে গেছে। তদন্ত বা জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে। কিন্তু সংশ্লিষ্ট সব স্থানে খোঁজ নিয়েও তাঁদের সন্ধান পাওয়া যায়নি।নিখোঁজ ব্যক্তিদের এই স্বজনেরা বলেন, তাঁরা ঠিক বুঝে উঠতে পারছেন না, নিখোঁজ ব্যক্তিরা বেঁচে আছেন, নাকি তাঁদের হত্যা করে লাশ গুম করা হয়েছে, নাকি তাঁরা কোনো আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে আছেন।স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, নিখোঁজ পাঁচজনের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ আছে। বেগুনবাড়ির সাইফুল এবং বরদেশীর মনির ও সাত্তার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাইফুলকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ওই মামলায় তিনি জামিনে আছেন। ২০০৫ সালে ফেনসিডিলসহ সাত্তারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মাদক ব্যবসা নিখোঁজ ব্যক্তিদের জন্য কাল হতে পারে বলে স্থানীয় অনেকে মন্তব্য করেছেন।