এখনো সবকিছুতেই পিছিয়ে রয়েছে বান্দরবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাংসদ বীর বাহাদুর বলেছেন, শিক্ষায় পিছিয়ে থাকায় বান্দরবান এখনো সবকিছুতেই পিছিয়ে রয়েছে। সরকারি নিয়োগসহ সব ক্ষেত্রে সুযোগ না দিলে ২০২১ সালের রূপকল্প ডিজিটাল বাংলাদেশের সমমর্যাদায় এই জেলার মানুষ দাঁড়াতে পারবে না। গতকাল মঙ্গলবার বান্দরবানে ছাত্রছাত্রীদের বিনা মূল্যে পাঠ্যবই বিতরণের সময় তিনি এসব কথা বলেন। বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক জ্ঞানরঞ্জন চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা শাহেদা আক্তার ও বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন পারভিন তিবরীজি।জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, জেলার প্রায় ৭৮ হাজার প্রাথমিক শিক্ষার্থীকে বই বিতরণ করা হয়েছে। থানচি উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সত্যমণি ত্রিপুরা বলেছেন, দুর্গম এলাকার সরকারি-বেসরকারি ও উন্নয়ন সংস্থা (এনজিও) পরিচালিত বিদ্যালয়গুলোর শিক্ষকদের কাছে ১৫ ডিসেম্বর পাঠ্যবই সরবরাহ করা হয়েছিল। শিক্ষকেরা নিজ নিজ বিদ্যালয়ে পাঠ্যবই নিয়ে রেখেছেন, যাতে তাঁরা বছরের শুরুর দিনে শিক্ষার্থীদের হাতে তা তুলে দিতে পারেন।জেলা শিক্ষা কর্মকর্তা শাহেদা আক্তার জেলায় মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা জানাতে পারেননি। তিনি বলেছেন, জেলায় মাধ্যমিক, দাখিল ও ইবতেদায়ি শিক্ষার্থীদের জন্য প্রায় তিন লাখ ৮৫ হাজার পাঠ্যবই বিতরণের জন্য পাওয়া গেছে।জেলা শহরের মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয় থেকে বই নিতে আসায় দুপুর পর্যন্ত হাজারো ছাত্রছাত্রীর উপস্থিতিতে বিতরণ অনুষ্ঠান উৎসবে পরিণত হয়। এ সময় ৩১তম বিসিএস প্রশাসন ক্যাডারে নিয়োগ পাওয়া বান্দরবান সরকারি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র জেতী প্রু মারমাকে সংবর্ধনা দেওয়া হয়।