এখনো সমঝোতার আশা করছেন সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রকিব উদ্দীন আহমেদ
কাজী রকিব উদ্দীন আহমেদ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ‘এখন পর্যন্তও আশা করছি, বড় দুই দলের মধ্যে সমঝোতা হবে। সবার অংশগ্রহণে নির্বাচন হবে।’
আচরণবিধি চূড়ান্ত না হওয়া প্রসঙ্গে সিইসি বলেন, তড়িঘড়ি করে দরজা বন্ধ করে রাখাটা ঠিক হবে না। এখনো সময় আছে। আচরণবিধি চূড়ান্ত হওয়া দু-তিন দিনের ব্যাপার।
গতকাল রোববার সন্ধ্যায় নির্বাচন কমিশনের কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে সিইসি এ কথা বলেন। অফিস শেষ করে বাসায় ফেরার আগে গণমাধ্যমকর্মীদের সিইসি বলেন, ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। দুই বড় রাজনৈতিক দলের মধ্যে টেবিলে আলোচনা শুরু না হলেও আলোচনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, তাতে আশার আলো দেখা যাচ্ছে। এটি ইতিবাচক এবং ভালো দিক।
নির্বাচনের আগে ৯০ দিন গণনা শুরু হলেও হরতাল, ককটেল, হত্যাসহ বর্তমানে যে পরিবেশ বিদ্যমান, তাতে নির্বাচনী পরিবেশ বজায় থাকছে কি না—এমন প্রশ্নের উত্তরে সিইসি বলেন, কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটছে। এটি প্রত্যাশিত ও কাম্য নয়। তবে আগে একেবারেই আশার আলো ছিল না, এখন এ ধরনের পর্যায় থেকে উত্তীর্ণ হওয়া বা এগিয়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হচ্ছে।
নির্বাচনী পরিবেশ বজায় রাখতে কমিশনের যে ক্ষমতা তা জানতে চাইলে সিইসি বলেন, আচরণবিধি চূড়ান্ত হওয়ার আগে এ বিষয়গুলো সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। আচরণবিধিতেই এসব কিছু বলা থাকবে।
সংসদ নির্বাচনে কেউ প্রার্থী হতে চাইলে তাঁকে সংশ্লিষ্ট রাজনৈতিক দলে অন্তত তিন বছর প্রাথমিক সদস্যপদে থাকতে হবে। বর্তমানে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে এ বিধান তুলে দিয়ে বিল চূড়ান্ত করা প্রসঙ্গে সিইসি বলেন, জাতীয় সংসদ সার্বভৌম। এখানে বিচার-বিবেচনা করেই সব কিছু করা হবে। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বা এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি।