এখনো সময় আছে জনগণের দাবি মেনে নেওয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামী বলেছে, এখনো সময় আছে, জনগণের দাবি মেনে নিয়ে দেশকে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করুন। অন্যথায় জনগণের গণ-আন্দোলনের মুখে পালানোর পথও পাবেন না।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেন। গত পাঁচ দিনে ১৬ জন মানুষকে হত্যা, দুই হাজার ৫০০ জনকে আহত, ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও বিরোধী দলের ১৭ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, সংবিধানের ১২৩(৩) ধারা অনুযায়ী ২৪ জানুয়ারি ২০১৪ সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্ববর্তী নির্বাচনকালীন ৯০ দিনের সময় গণনা ২৬ অক্টোবরের পর থেকেই শুরু হয়েছে। ফলে সংশোধিত সংবিধান অনুযায়ী সরকারের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। সরকার ও নির্বাচন কমিশন তফশিল ঘোষণার দিন থেকে নির্বাচনকালীন সময় হিসেবে গণনা করার যে ‘অপব্যাখ্যা’ দিয়েছে, তা গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে জাতীয় সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।