এখনো সমাধানে পৌঁছানো সম্ভব: যুক্তরাষ্ট্র
বাংলাদেশের জনগণের কাছে কাঙ্ক্ষিত একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের লক্ষ্যে দুই দলের পক্ষে এখনো সমাধানে পৌঁছানো সম্ভব। নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের সমাধানের উপায় খুঁজে বের করতে দুই প্রধান রাজনৈতিক দলের সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাস আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ অনুরোধ জানিয়েছে।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সরকারের মেয়াদ যখন দ্রুত শেষ হওয়ার দিকে, তখন একটি অবাধ, সুষ্ঠু ও বাংলাদেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পথ খুঁজে বের করতে ইতিবাচক সংলাপে বসতে দুই দলের সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়াটা এখন আগের যেকোনো সময়ের চেয়ে জরুরি হয়ে পড়ছে বলেই আমাদের বিশ্বাস। আমরা বিশ্বাস করি, সদিচ্ছা থাকলে বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আয়োজনের লক্ষ্যে দুই দলের পক্ষে এখনো সমাধানে পৌঁছানো সম্ভব। এটাই বাংলাদেশের মানুষের চাওয়া ও তাদের প্রাপ্য।’
মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের ঢাকা সফরের উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, তিনি খুব স্পষ্ট করেই জানিয়েছেন সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয়, এটা গ্রহণযোগ্যও নয়। অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে। গত কয়েক দিনের কাণ্ডজ্ঞানহীন সহিংসতা অত্যন্ত নিন্দনীয়। কেননা বোমা ছুড়ে ও যানবাহনে তাদের জীবন্ত পুড়িয়ে মেরে অসহায় লোকজনকে ইচ্ছাকৃতভাবে সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, সব দলেরই অবাধে ও শান্তিপূর্ণভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। এই সুযোগ করে দেওয়াটা সরকারি দায়িত্ব আর বিরোধী দলেরও উচিত শান্তিপূর্ণভাবে এ সুযোগের ব্যবহার করা।’