এখনো সমাবেশের অনুমতি পায়নি হেফাজত
২৪ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামকে সমাবেশ করার অনুমতি এখনো পর্যন্ত দেয়নি পুলিশ। আজ রোববার রাত আটটায় প্রথম আলো ডটকমকে এ কথা জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (তথ্য ও জনসংযোগ) মাসুদুর রহমান।
হেফাজতে ইসলাম সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে কি না, জানতে চাইলে মাসুদুর রহমান বলেন, ‘আমি শুধু এটুকুই বলব যে এখনো পর্যন্ত তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।’
এর আগে আজ সকালে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, হেফাজতে ইসলামকে কোনোভাবেই সমাবেশ করতে দেওয়া হবে না। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দলের যৌথ সভায় তিনি এ কথা বলেন।
এদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমীকে র্যাব-১-এর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
হেফাজতের ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসুফী প্রথম আলো ডটকমের কাছে এ দাবি করেন।
আজ রোববার বেলা পৌনে একটার দিকে নূর হোসাইন কাসেমীকে বারিধারার জামেয়া মাদানিয়া মাদ্রাসা থেকে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তাঁর ব্যক্তিগত ও অফিস সহকারী আহসান হাবীব।
তবে র্যাব-১-এর তথ্য কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশতাক আহমেদ কাসেমীকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন।
১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মতিঝিলের শাপলা চত্বরে ওই সমাবেশের ঘোষণা দিয়েছিল হেফাজতে ইসলাম।