নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সাবেক সাংসদ শামীম ওসমানকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, এখনো সময় আছে, সুস্থ ধারায় ফিরে আসুন। হত্যাকারী (মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীর খুনি) যেই হোক, তাঁকে আইনের হাতে তুলে দিন।গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর হাটখোলা জুনিয়র হাইস্কুল মাঠে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের জনসভায় এ আহ্বান জানান আইভী। বক্তব্যের শুরুতে সাভারে ভবনধসের ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত ও আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।প্রধান অতিথির বক্তব্যে মেয়র আইভী বলেন, ‘নারায়ণগঞ্জে গডফাদারদের দিন শেষ। শামীম, নাসিম ও সেলিম ওসমান আওয়ামী লীগের জন্য কিছু করেননি। তাঁরা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে নিজেদের আখের গুছিয়েছেন। তাঁরা তো মালয়েশিয়াতে ফ্ল্যাট ও দুবাইতে বাড়ি কিনেছেন। দল ক্ষমতায় না থাকলে তাঁরা তো সেখানে চলে যাবেন। তখন তাঁদের কর্মীদের কী হবে।’আইভী জানান, তিনি শান্তির রাজনীতি পছন্দ করেন। তবে অন্যায়ের প্রতিবাদ না করাটাও অন্যায়। আইনের মাধ্যমেই সন্ত্রাসীদের নারায়ণগঞ্জ থেকে উৎখাত করবেন।পুলিশ সুপারের উদ্দেশে মেয়র বলেন, ‘আমরা জানি, মোটা অঙ্কের টাকা দিয়ে আপনাদের ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে। আমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, সন্তানের লাশের সঙ্গে সওদা করবেন না। যদি সওদা করেন, তাহলে আমরা প্রস্তুত হয়ে আছি আপনাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। আপনি নারায়ণগঞ্জবাসীর আন্দোলন এখনো দেখেননি। আমি যখন রাজপথে বসে যাব, তখন মৃত্যু ছাড়া আমাকে ফেরানো যাবে না।’আইভী অভিযোগ করেন, প্রশাসনের অনেক কর্মকর্তা শামীম ওসমানদের কাছ থেকে অর্থ নেন। তাঁরাই ত্বকী হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন। তাঁরা ক্যাঙ্গারু পারভেজকে শহীদ মিনারে পাঠিয়েছিলেন, যাতে তিনি গণপিটুনিতে মারা যান। আর সেই হত্যা মামলায় তাঁকেসহ (আইভী) অন্যদের আসামি করে এই আন্দোলন দমানোর চেষ্টা করা হয়েছিল।সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের নেতা-কর্মীদের উদ্দেশে আইভী বলেন, ‘আপনারা আইন হাতে তুলে নেবেন না। নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমাকে কথা দিয়েছেন, ত্বকী হত্যাকাণ্ডের বিচার হবে। নেত্রীর ওপর আমার আস্থা রয়েছে।’জনসভায় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘ওসমান পরিবার দীর্ঘদিন ধরে সিন্দাবাদের ভূতের মতো নারায়ণগঞ্জবাসীর ঘাড়ে চেপে রয়েছে। শামীম ওসমান গংয়ের সময় ফুরিয়ে এসেছে। নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের কবর রচনা হবে।’১১ মে শনিবার বিকেলে বন্দর উপজেলার কদমরসুল পৌরসভার মাঠে সন্ত্রাসী নির্মূল ত্বকী মঞ্চের জনসভায় সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান রফিউর রাব্বি।খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য জহিরুল ইসলামের পরিচালনায় জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, নগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল্লাহ, কৃষক-শ্রমিক জনতা লীগের জেলা সমন্বয়ক শফিকুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ডালিম শিকদার, আবদুস সামাদ ও সোলেমান ফরিদ।