বরিশালে পুলিশের তালিকায় চরমপন্থী সর্বহারা দলের সদস্য হিসেবে নাম আছে ৬৩ জনের। পুলিশের ভাষায়, জেলায় এখন সর্বহারা দলের কোনো পক্ষেরই অস্তিত্ব নেই। অথচ জেলার বাবুগঞ্জ, উজিরপুর, বানারীপাড়া, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার গ্রাম-জনপদে এখনো নীরব আতঙ্কের নাম সর্বহারা।
এসব উপজেলার বিভিন্ন মানুষ ও থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় এসব উপজেলায় সর্বহারা দলের জিয়া গ্রুপ ও কামরুল গ্রুপ সক্রিয় ছিল। গত আশির দশক থেকে নব্বইয়ের দশকের মাঝামাঝি পর্যন্ত পক্ষ দুটির প্রবল প্রতাপ ছিল। সে সময় এসব উপজেলায় সর্বহারাদের হাতে জনপ্রতিনিধিসহ বেশ কয়েকজন খুন হন। সর্বহারাদের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, রাহাজানির বিস্তর অভিযোগ রয়েছে। তারা হয়ে উঠেছিল আতঙ্কের কারণ। তবে দুই পক্ষের হানাহানি, র্যাবের ‘ক্রসফায়ার’সহ বিভিন্ন কারণে ধীরে ধীরে সর্বহারার প্রতাপ কমতে থাকে। সর্বহারাদের কেউ কেউ আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন দলেও যোগ দিয়েছেন। এখনো মাঝেমধ্যে অপরাধ কর্মকাণ্ডের কারণে মানুষের মন থেকে সর্বহারা-আতঙ্ক কাটেনি।
সর্বহারাদের হাতে বরিশালে কতজন খুন হয়েছেন, তার হিসাব পুলিশের কাছে নেই। যেসব আলোচিত হত্যাকাণ্ডের বিচার হয়েছে, সেগুলোর কয়েকটিতে সাক্ষ্য-প্রমাণের অভাবে আসামিরা বেকসুর খালাস পেয়েছেন। নিহত ব্যক্তিদের স্বজনেরা বলেছেন, আতঙ্কের কারণে সাক্ষীরা আদালতে সাক্ষ্য না দেওয়ায় তাঁরা সুবিচার পাননি।
সূত্র জানায়, ২০০৪ সালের ১৬ জুলাই রাতে উজিরপুর সদরে নিজ বাড়িতে উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাবুলাল শীলকে গুলি করে হত্যা করেন সর্বহারার সদস্যরা। এ ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। বিচারিক আদালতে এই হত্যা মামলার রায়ে সব আসামি বেকসুর খালাস পেয়েছেন।
নিহত বাবুলালের স্ত্রী সীমা শীল (বর্তমানে উজিরপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান) বলেন, মামলায় সাক্ষী ছিলেন ৪২ জন। কিন্তু আদালতে সাক্ষ্য দেন মাত্র নয়জন। বাকি সাক্ষীরা সর্বহারাদের ভয়ে সাক্ষ্য দিতে যাননি। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করলেও মামলা চালিয়ে যাওয়ার ভরসা পাচ্ছেন না। ছেলেমেয়েদের নিরাপত্তার ভাবনাও তাঁকে শঙ্কিত করছে।
সীমা শীল জানান, ওই রাতে তিনি হাতে গুলিবিদ্ধ হয়েছিলেন। ওই রাতের কথা ভাবলে এখনো শিউরে ওঠেন।
বাবুলাল শীল হত্যাকাণ্ডের আগে ২০০৪ সালের ১০ জুলাই উজিরপুরেই কুড়ালিয়া বাজারে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় জল্লা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অবনী বাড়ৈকে। এর দুই দিন আগে খুন হন ওয়ার্কার্স পার্টির স্থানীয় আরেক নেতা হীরালাল হালদার। অবনী হত্যা মামলার রায়েও আসামিরা খালাস পেয়েছেন। অবনীর স্ত্রী জল্ল্লা ইউপির চেয়ারম্যান উর্মিলা বাড়ৈ বলেন, ৩০ জনকে এ হত্যা মামলার সাক্ষী করা হলেও সাক্ষ্য দেন ছয়জন। অন্যরা সাক্ষ্য দিতে যাননি। তাই আসামিরা খালাস পেয়ে গেছেন।
বরিশাল সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান ইউনুস খান হত্যা মামলার রায়েও আসামিরা খালাস পেয়েছেন। ওই রায় হয় ১৯৯৬ সালে। ইউনুস খানের ছেলে এবং ওই হত্যা মামলার বাদী রাহাত খান বলেন, সাক্ষীদের সবাইকে আদালতে হাজির করা যায়নি। তিনি জানান, গৌরনদীর শাহজিরা গ্রামে তিনতলা বাড়ি করার পর সর্বহারাদের দাবিমতো এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় আতঙ্কে তাঁর বাবা পরিবারকে বরিশাল শহরে নিয়ে আসেন। কিন্তু ১৯৯৩ সালের ২০ মার্চ দিনে-দুপুরে শহরের সিঅ্যান্ডবি সড়কে সর্বহারাদের গুলিতে তিনি নিহত হন। বাবার মৃত্যুর পর সর্বহারা-আতঙ্কে স্বজনদের কেউ তাঁদের পাশে দাঁড়ানোর সাহস করেননি। স্কুলশিক্ষক মায়ের আয়েই কোনোমতে সংসার চলেছে।
রাহাত বলেন, ছোট ছিলেন বলে উচ্চ আদালতে আপিল করা হয়নি।
ইউনুস খান হত্যা মামলায় ২ নম্বর আসামি ছিলেন আসলাম সিকদার। তিনি বর্তমানে গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, একসময় সর্বহারা কামরুল গ্রুপের সহকারী আঞ্চলিক কমান্ডার ছিলেন আসলাম সিকদার।
অবশ্য আসলাম সিকদার সর্বহারার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করে গত ১ অক্টোবর প্রথম আলোকে বলেন, সন্দেহের বশে তাঁকে ওই মামলায় আসামি করা হয়েছিল।
এদিকে ৩১ অক্টোবর রাতে শাহজিরা গ্রামে সন্ত্রাসীদের গুলিতে আসলাম সিকদার আহত হয়েছেন।
গৌরনদীর নলচিড়া ইউনিয়নের পূর্ব গরঙ্গল গ্রামের মোশারফ হোসেন বলেন, ২০০৬ সালের ২৭ নভেম্বর সর্বহারারা সাত লাখ টাকা চাঁদা না পেয়ে তাঁর ভাই আনোয়ার হোসেনকে খুন করে। এ ঘটনায় তিনি গৌরনদী থানায় মামলা করে সর্বহারাদের রোষানলে পড়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। চলতি বছরের ৩ জানুয়ারি রাতে সর্বহারা সন্ত্রাসীরা তাঁদের বাড়িতে হামলা চালায় এবং তাঁকে না পেয়ে তাঁর বাবা ও মায়ের ওপর নির্যাতন চালায়।
অভিযোগ রয়েছে, বাবুগঞ্জ, উজিরপুর, বানারীপাড়া, আগৈলঝারা ও গৌরনদীর সাবেক অনেক সর্বহারা পরবর্তীতে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন। দল ও সহযোগী সংগঠনে পদও পেয়েছেন। এ সম্পর্কে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সদরের সাংসদ মজিবর রহমান সরোয়ার বলেন, বিএনপি বড় দল। সবাই এ দল করতে পারে। তাই কে আগে কোন দল করতেন, এটা গুরুত্বপূর্ণ নয়।
আওয়ামী লীগে সাবেক সর্বহারারা আছেন কি না, এ প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝারা) আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস বলেন, কেউ একবার ভুল করলে তাকে সংশোধনের সুযোগ দেওয়া হবে না, এমনটা হওয়া উচিত নয়। তবে আওয়ামী লীগে চিহ্নিত ও সাজাপ্রাপ্ত সর্বহারাদের কেউ নেই।
বরিশালের পুলিশ সুপার এ কে এম এহসানউল্লাহ বলেন, পুলিশের তালিকায় ৬৩ জন সর্বহারার নাম থাকলেও এখন সর্বহারাদের কোনো গ্রুপের অস্তিত্ব পুলিশের জানা নেই। সর্বহারাদের অনেকেই মূলধারার রাজনৈতিক দলগুলোতে পুনর্বাসিত হয়েছেন এবং নির্বাচন সামনে রেখে পুরোনোদের আবার সংগঠিত করার চেষ্টা চালাচ্ছেন বলে পুলিশ জানতে পেরেছে। তবে সর্বহারারা যেন আর সংগঠিত হতে না পারে, এ জন্য তাঁরা সতর্ক রয়েছেন। (শেষ)