পদ্মা ও মেঘনা নদীর ভাঙনে এ বছর শরীয়তপুরের চারটি উপজেলার ১৬টি ইউনিয়নের ৬০টি গ্রামের চার হাজার পরিবার গৃহহীন হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব পরিবার এখনো কোনো ত্রাণসহায়তা পায়নি। ভাঙনের সময় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এলাকা পরিদর্শনকালে সহায়তার আশ্বাস দিয়েছিলেন।জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে দুর্যোগকালীন সময়ে বিতরণের জন্য চাল, নগদ টাকা ও গৃহ নির্মাণের টাকা থাকলেও উপজেলা থেকে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা না দেওয়ায় অধিকাংশ জায়গায় এগুলো বরাদ্দ দেওয়া যাচ্ছে না।জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়, পাউবো ও স্থানীয় সূত্র জানায়, গত জুলাই থেকে শরীয়তপুরে নদীভাঙন শুরু হয়। সেপ্টেম্বর পর্যন্ত দফায় দফায় পদ্মা ও মেঘনার ভাঙনে গোসাইরহাট উপজেলার কোদালপুর, আলওয়ালপুর, কুচাইপট্টি ইউনিয়ন; ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া, চরভাগা, কাঁচিকাটা ইউনিয়ন; নড়িয়া উপজেলার কেদারপুর, ঘড়িষার, নওপাড়া ইউনিয়ন ও জাজিরা উপজেলার কুণ্ডেরচর, বিলাসপুর, বড়কান্দি, পালের চর, পূর্ব নাওডোবা ও পশ্চিম নাওডোবা ইউনিয়নের ৬০টি গ্রাম ভাঙনের কবলে পড়ে। ভাঙনে এসব গ্রামের প্রায় চার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ে। নদীগর্ভে বিলীন হয় প্রায় তিন হাজার একর ফসলি জমি। চেয়ারম্যান স্টেশন বাজার, ওয়াপদা বাজার ও সাত্তার মাদবর মঙ্গলমাঝি লঞ্চঘাটের ২৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিলীন হয়ে গেছে নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেরবাখী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নওপাড়া আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়, তারাবুনিয়া মহিউসুন্নাহ দাখিল মাদ্রাসা, সরকারকান্দি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়, বড়কান্দি দাখিল মাদ্রাসা ও বড়কান্দি মডার্ন জুনিয়র উচ্চবিদ্যালয়ের কাঁচা-পাকা ভবন।ভাঙনকবলিত ব্যক্তিদের তালিকা প্রস্তুত করে ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। কিন্তু নড়িয়া ছাড়া অন্য কোনো উপজেলা থেকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে এখনো তালিকা পাঠানো হয়নি। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলীর অনুরোধে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় নড়িয়া উপজেলার দুই হাজার ৪৬৮টি পরিবারের মধ্যে ২৫ টন চাল বরাদ্দ করেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে দুর্যোগকালীন বিতরণের জন্য ৯২ টন চাল ও নগদ এক লাখ টাকা রয়েছে। উপজেলা থেকে চাহিদা না থাকায় দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে আর কোনো বরাদ্দ চাওয়া হয়নি।গোসাইরহাট উপজেলার সরদারপাড়া গ্রামের নিজামুল (৪০), আবু সাইদ (৪৫), সাজেদুর রহমান (৩৫) ও সুফিয়া বেগম (৩৯) জানান, সেপ্টেম্বরে মেঘনা নদীতে তাঁদের ঘরবাড়ি বিলীন হয়েছে। কোথাও আশ্রয় না পেয়ে কোদালপুর-আনন্দবাজার সড়কের ওপর আশ্রয় নিয়েছেন। জনপ্রতিনিধি ও প্রশাসনের লোক এসে ত্রাণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখনো কোনো ত্রাণ দেওয়া হয়নি।জাজিরা উপজেলার মাদবরকান্দি গ্রামের আবদুল খালেক (৪০), আয়ুব আলী (৫০) ও হুমায়ুন মাদবর (৪০) জানান, পদ্মার ভাঙনে বসতভিটা, ফসলি জমি—সব গেছে। নিঃস্ব হয়ে অন্যের জমিতে ঝুপড়িঘর বানিয়ে আশ্রয় নিয়েছেন। অনেক প্রতিশ্রুতি দেওয়া হলেও কেউ সহায়তা দেয়নি। এলাকায় কাজ না থাকায় অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে।গোসাইরহাটের ইউএনও মজিবুর রহমান জানান, নদীভাঙনের সময় সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। জমা দেওয়া তালিকা যাচাই-বাছাই চলছে। চূড়ান্ত হলে বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে চিঠি দেওয়া হবে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুভাষ চন্দ্র বল জানান, নড়িয়া উপজেলা ছাড়া অন্য উপজেলার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা পাওয়া যায়নি। তালিকা চেয়ে ইউএনওদের চিঠি দেওয়া হয়েছে। তাঁদের কাছ থেকে তালিকা পেলে বরাদ্দ দেওয়া হবে।