চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুরে বখাটে যুবকের হাঁসুয়ার কোপে নিহত স্কুলছাত্রী কণিকা রানী ঘোষের তিন সহপাঠী এখনো শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত রয়েছে। ওই ঘটনায় তারাও আহত হয়। হামলার প্রায় দুই মাস হলেও তারা এখনো চিকিৎসাধীন। তাদের স্কুলে যাওয়াও বন্ধ রয়েছে।
গত ২৭ মে সকালে মহিপুর এস এম এ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কণিকা ঘোষ, মরিয়ম খাতুন, তানজিমা তাহসিন ও তারিন আফরোজ প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথে মহিপুর এলাকায় দিয়াড় ধাইনগর গ্রামের মাদকাসক্ত যুবক আবদুল মালেক (২৬) পেছন থেকে হাঁসুয়া নিয়ে তাদের ওপর হামলা চালান। হাঁসুয়ার কোপে কণিকা নিহত হয়। হামলায় মারাত্মকভাবে আহত হয় মরিয়ম, তানজিমা ও তারিন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর আবদুল মালেককে ধরে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন।
মরিয়ম খাতুন বেহুলা গ্রামের মো. মকবুলের মেয়ে। হাঁসুয়ার কোপে তার ডান কাঁধ ও হাতের সংযোগস্থলে কেটে যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর পরও সে সুস্থ হতে পারেনি। পরে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে মরিয়মের সঙ্গে থাকা মামা আবদুল কাদের বলেন, মরিয়ম তার ডান হাত মোটেও নাড়াচাড়া করতে পারছে না। মানসিকভাবে সে একেবারেই ভেঙে পড়েছে। সেই ভয়ংকর স্মৃতি কিছুতেই ভুলতে পারছে না। ঘুমের ঘোরে ভয় পেয়ে চিৎকার দেয়। ঘটনার পর সে আর বিদ্যালয়ে যেতে পারেনি। অর্ধবার্ষিক পরীক্ষাও দিতে পারেনি। এ নিয়ে শুধু আহাজারি করে। পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা দুঃসাধ্য হয়ে পড়েছে। ঘটনার পর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হাসপাতালে দেখতে গিয়ে তাদের চিকিৎসায় সহায়তা করার কথা বলেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও একই কথা বলেন। কিন্তু জেলা ত্রাণ শাখা থেকে যে সামান্য সহায়তা দেওয়া হয়েছে, তা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। মরিয়মের চিকিৎসার জন্য সরকারের আর্থিক সহায়তা খুবই দরকার।
দিয়াড় ধাইনগর গ্রামে নানা দুরুল হোদার বাড়িতে থেকে লেখাপড়া করত তারিন আফরোজ। বাবা আবদুল খালেক বিদেশ থাকেন। তার মামা মওদুদ আহমেদ বলেন, মাথায় কোপ লাগায় তারিন এখনো সুস্থ হয়ে ওঠেনি। স্কুল যেতে পারছে না। অর্ধবার্ষিক পরীক্ষাও দিতে পারেনি। ক্ষতস্থানে তার মাথা ফুলে গেছে। সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। থেমে থেমে কথা বলে। ভয়ের মধ্যে থাকে। ঘুমের ঘোরে বাঁচাও বলে চিৎকার করে।
অরুনবাড়ী গ্রামের তাজেমুল হকের মেয়ে তানজিমা তাহসিন। তাজেমুল হক বলেন, তাঁর মেয়ের মাথা ও কানের কাছে লম্বালম্বিভাবে এবং গলায় হাঁসুয়ার কোপ লাগে। এখনো সে সুস্থ হতে পারেনি। তার মানসিক অবস্থাও বিপর্যস্ত। সব সময় ভয়ের মধ্যেই থাকে। তারও আর স্কুলে যাওয়া হয়নি।