রাজধানীর উপকণ্ঠ সাভারের বুড়িগঙ্গা, ধলেশ্বরী, বংশী নদীসহ কর্ণপাড়া খালের তীর ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দেওয়ার পরও কোনো স্থাপনা সরানো হয়নি। দখলদারেরা এসব স্থাপনা অপসারণে কোনো উদ্যোগ নেয়নি।
পাশাপাশি নদীর তীর দখলও বন্ধ হয়নি। এখনো অনেক স্থানে নদীর তীর ঘেঁষে গড়ে তোলা হচ্ছে পাকা ও আধা পাকা স্থাপনা। ১৮ ফেব্রুয়ারি সাভার নামাবাজার এলাকায় গিয়ে দেখা গেছে, বাজারসংলগ্ন বংশী নদীর তীর ঘেঁষে বেশ কয়েকটি পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বাজারের ব্যবসায়ী দুলাল খান, আশু মোল্লা, খোকন, রোকনসহ আরও কয়েকজন এসব স্থাপনা নির্মাণ করছেন বলে জানান স্থানীয় লোকজন।
১ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘সাভারে বুড়িগঙ্গা নদী সাবাড়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ৫ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় থেকে বংশী নদীর তীর দখল করে স্থাপনা নির্মাণ করেছেন এমন ২৯ জন দখলদারকে নিজ উদ্যোগে তাঁদের অবৈধ স্থাপনা অপসারণের নোটিশ দেওয়া হয়। ওই নোটিশে ১২ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপর ১০ দিন পেরিয়ে গেলেও কোনো স্থাপনা অপসারণ করা হয়নি। এদিকে ৫ ফেব্রুয়ারি বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসনের কাছে তালিকা পাঠানো হয়। এখন পর্যন্ত জেলা প্রশাসন থেকে কোনো নির্দেশনা পাওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে অনেকেই অভিযোগ করেন, দখলদারদের মধ্যে সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল গণি ও তাঁর ছেলে কামরুল ইসলাম, সাভার থানা মুক্তিযোদ্ধা উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি মিয়া আবদুর রহিম ও সম্পাদক সমেন্দ্র লাল আচার্য, সাভার কলেজের অধ্যাপক এ কে এম সিরাজুল ইসলাম, সাভার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নেতা, দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিসহ অনেক প্রভাবশালী থাকায় প্রশাসন এর আগেও কোনো ব্যবস্থা নেয়নি।
নামাবাজারের ব্যবসায়ী দুলাল খানসহ কয়েকজন বলেন, বছরের পর বছর ধরে নদীর তীর ঘেঁষে এসব স্থাপনা গড়ে উঠেছে। নামাবাজারেই রয়েছে এ রকম প্রায় ১০ হাজার স্থাপনা। যা নদীর তীর ও নদী ভরাট হওয়া খাসজমির ওপর নির্মিত। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ৩০ থেকে ৫০ লাখ টাকার বিনিময়ে এসব স্থপনা ও জমি হাতবদলও হচ্ছে মাঝেমধ্যে। ভূমি কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা আর্থিক সুবিধা নিয়ে তাঁদের দখলের সুযোগ করে দিয়েছেন। আর এ কারণেই উচ্ছেদে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।
তবে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জেলা প্রশাসনের অনুমতি পাওয়া গেলেই অভিযান চালানো হবে।
উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা বলেন, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, সাভার মৌজার সিএস ও এসএ ৮৭১, ৮৬১, ৮৬০, ৮৬৩, ৮৫৬, ৮৩২, ৮২৯, ৮২৮, ৮২৪, ৮২৫, ৮২০, ৮১৯, ৮১৮, ৮১৭, ৮১৬, ৮১৫, ৮১৪, ৮১৩, ৮১০ নম্বর দাগের ধলেশ্বরী ও বংশী নদীর তীরবর্তী প্রায় দুই একর জমিসহ দক্ষিণ দরিয়াপুর মৌজার এসএ ২৪৫, ২৪৬ নম্বর দাগের ধলেশ্বরী নদীর তীরবর্তী প্রায় ২৫ শতাংশ জমিতে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করে দোকানপাট ও বসতবাড়ি গড়ে তোলা হয়েছে। এ ছাড়া ভাকুর্তা এলাকায় বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে নির্মাণ করা হয়েছে আরও বেশ কিছু পাকা স্থাপনা।
লিয়াকত আলী বলেন, উচ্ছেদের প্রাথমিক কাজ প্রায় সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসকের অনুমোদন ও আদেশ পাওয়া গেলেই উচ্ছেদ অভিযান চালানো হবে। নোটিশ পাওয়ার পরও যাঁরা নদীর তীর দখল করে স্থাপনা নির্মাণ করছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। যত প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।