ঈদুল আজহার পর তিন দিন চলে গেলেও রাজধানীর অস্থায়ী পশুর হাটের বর্জ্য পরিষ্কার করা হয়নি। এতে স্থানীয় বাসিন্দারা অস্বস্তিতে আছেন। তাঁরা এ থেকে রোগব্যাধি ছড়ানোরও আশঙ্কা করছেন। তবে নগরের অভিজাত এলাকাসহ অনেক স্থানের ময়লা-আবর্জনা ইতিমধ্যে পরিষ্কার করা হয়েছে। কোরবানি উপলক্ষে পুরান ঢাকার আরমানিটোলা পশুর হাট ও ধোলাইখাল সাদেক হোসেন খোকা খেলার মাঠের অস্থায়ী হাটের বর্জ্য গতকাল দুপুরেও মাঠের ভেতরে ও সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়। আরমানিটোলা হাটের কাছের অলিগলিতে এখনো গবাদিপশুর মলমূত্র শুকিয়ে রয়েছে। এগুলো পানি দিয়ে ধোয়ার পর ব্লিচিং পাউডার ছিটানোর কথা থাকলেও অধিকাংশ স্থানে তা করা হয়নি। বাবুবাজারের আলেকচান রাইস এজেন্সির সর্দার নান্টু মিয়া বলেন, রোদে শুকিয়ে যাওয়া মলমূত্র সব জায়গায় পানি ঢেলে পরিষ্কার করা হয়নি। এতে লোকজনের চলাচলে বিঘ্ন ছাড়াও ব্যবসা-বাণিজ্যে সমস্যা হচ্ছে। গতকাল সকালে নয়াবাজার হাম্মাদিয়া উচ্চবিদ্যালয়ের সামনে পুরোনো লৌহ ব্যবসায়ী লাট মিয়ার সঙ্গে হাটের ময়লা-আবর্জনা নিয়ে কথা হয়। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, ঈদের তিন দিন পরও সড়কে গরুর মলমূত্র রয়ে গেছে। দুর্গন্ধে বাসায়ও থাকা যায় না।ধোলাইখাল এলাকার বাসিন্দা মোহাম্মদ মামুন জানান, হাটের ময়লা-আবর্জনাগুলো অধিকাংশ রয়ে গেছে। তিনি বলেন, হাটের পরিধি অলিগলিতে বিস্তার লাভ করে। এতে প্রায় এক সপ্তাহ ধরে তাঁরা অবরুদ্ধ ছিলেন। গতকাল আরমানিটোলা কোরবানির পশুর হাটের স্থানে গিয়ে দেখা যায়, বাবুবাজার নদীরঘাট, বাবুবাজার মাজার, মিটফোর্ড রোড, আরমানিটোলা, বেচারাম দেউড়ি, বিকে রায় লেন, বাগডাসা লেন, নয়াবাজার ডিআইটি মার্কেট, নবাব ইউসুফ রোড, ইংলিশ রোড, রায়সাহেব বাজার মোড়, তাঁতীবাজার মোড়, সৈয়দ নজরুল ইসলাম সরণি, মালিটোলাসহ আশপাশের এলাকার সড়কে ও ফুটপাতে গবাদিপশুর শুকনো মলমূত্রের চিহ্ন। করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা এসব স্থান থেকে শুধু খড়কুটো ও স্তূপাকারে জমে থাকা ময়লাগুলো সরিয়ে নিয়েছেন।বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর সংযোগ সড়ক ও বাবুবাজার মাজারের উত্তর দিকে ময়লা-আবর্জনা স্তূপাকারে পড়ে থাকতে দেখা গেছে। তবে সেতুর উত্তর পাশের সড়কটি পরিষ্কার করা হয়েছে। গতকাল সকালে ফ্রেঞ্চ রোডেও পানি দিয়ে মলমূত্র ধুতে দেখা গেছে। সৈয়দ নজরুল ইসলাম সরণিতে পশুর মল ধোয়া না হলেও সেখানে ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে।ডিসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান বিপন কুমার সাহা প্রথম আলোকে বলেন, পশুর হাটের বর্জ্য পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে খুবই নগণ্য অর্থ বরাদ্দ থাকে, যা দিয়ে কাজ করানো খুবই কষ্টকর। তিনি বলেন, আরমানিটোলা পশুর হাটের ইজারা দেওয়া হয়েছে দুই কোটি ২০ লাখ টাকায়। অথচ বর্জ্য পরিষ্কারের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র ২৫ হাজার টাকা। বিপন কুমার বলেন, তিনি নিজে উপস্থিত থেকে পরিষ্কার কাজ দেখেছেন। যেসব স্থানে এখনো ময়লা রয়ে গেছে, খুব শিগগিরই তা পরিষ্কার করা হবে বলে জানান তিনি। ডিসিসি সূত্রে জানা গেছে, এ বছর অস্থায়ী ১২টি পশুর হাটের পরিচ্ছন্নতা কাজের বরাদ্দ ছিল ২০ থেকে ৩০ হাজার টাকা।