এখনো হলফনামার অপেক্ষায় দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সাত মন্ত্রী-সাংসদের হলফনামা নিয়ে অনুসন্ধানে অগ্রগতি রয়েছে শুধু কক্সবাজারের আলোচিত সাংসদ আবদুর রহমান বদির ক্ষেত্রে। বাকি ছয়জনের অনুসন্ধান ঝুলে রয়েছে নির্বাচন কমিশনের অনুমোদনের অপেক্ষায়।
যদিও নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হলফনামা এখনো রয়েছে। কিন্তু দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃপক্ষ বলছে, নির্বাচন কমিশনের বৈঠকে অনুমোদন হলে তবেই ছয় মন্ত্রী-সাংসদের হলফনামা দুদকের কাছে আসবে।
গত ২২ জানুয়ারি সাত মন্ত্রী-সাংসদের সম্পদের অনুসন্ধানে দুদক কমিশন সাত কর্মকর্তাকে নিয়োগ দেয়। এরপর ২৭ জানুয়ারি কক্সবাজারে পৌঁছে আওয়ামী লীগের সাংসদ আবদুর রহমানের বিষয়ে দুদকের অনুসন্ধানকারী দল। বাকি ছয় অনুসন্ধানকারী কর্মকর্তা অপেক্ষা করছেন নির্বাচন কমিশন থেকে হলফনামা পাওয়ার অপেক্ষায়।
জানতে চাইলে দুদকের কমিশনার (তদন্ত) মো. শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওয়েবসাইট থেকে নামালে সেটা আদালতে গ্রাহ্য না হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, এটি ‘পাবলিক’। আনুষ্ঠানিক পদ্ধতিতে নির্বাচন কমিশনের কাছ থেকে চেয়ে আনলে এই হলফনামার বিষয়ে নির্বাচন কমিশনের সংশ্লিষ্টতা আদালতে প্রমাণ করা যাবে।
দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, এবার রাজধানীতে শুরু হচ্ছে সাংসদ বদির বিষয়ে সম্পদের তথ্যানুসন্ধান। সাংসদ ও তাঁর পরিবারের সম্পদের তথ্য জানতে পাঁচ দিন ধরে অনুসন্ধান করছেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপপরিচালক আহসান আলী।
ইতিমধ্যে আহসান আলী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, কক্সবাজারের জেলা রেজিস্ট্রার ও বিআরটিএর কাছে তথ্য চেয়েছেন। নোটিশে বদি ও তাঁর স্ত্রীর প্লট, ফ্ল্যাট, জমির তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার বিআরটিএর কাছে বদির গাড়ির হিসাব চেয়েছে দুদক। গত বুধবার কক্সবাজার থেকে বদির আয়কর নথি ও হলফনামা জব্দ করেছে দুদকের দল।
অন্যান্যের ক্ষেত্রে অনুসন্ধানের অগ্রগতি নেই কেন জানতে চাইলে কমিশনার শাহাব উদ্দিন বলেন, বদির হলফনামাও আনুষ্ঠানিক পদ্ধতিতে পাওয়া যায়নি। কিন্তু সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা নিজ উদ্যোগে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
গত ২২ জানুয়ারি দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম, খায়রুল হুদা, আহসান আলী, শেখ ফায়েজ আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী পরিচালক মাসুদুর রহমান এবং উপপরিচালক সৈয়দ তাহসিনুল হককে যথাক্রমে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, সাংসদ আবদুর রহমান বদি, সাংসদ আসলামুল হক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক সাংসদ এম এ জব্বার এবং সাংসদ এনামুল হকের সম্পদের তথ্যের বিষয়ে অনুসন্ধান করতে নিয়োগ দেওয়া হয়।
এঁদের মধ্যে এম এ জব্বার জাতীয় পার্টির গত সংসদের সাংসদ। আ ফ ম রুহুল হক ও মাহবুবুর রহমান এবার নির্বাচিত হলেও মন্ত্রিত্ব পাননি। মান্নান খান নৌকা প্রতীকে নির্বাচন করে ঢাকা-১ আসনে হেরেছেন জাতীয় পার্টির সালমা ইসলামের কাছে। বাকি তিনজনই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতীকে নবম সংসদে সাংসদ থাকার পর, দশম সংসদ নির্বাচনেও নির্বাচিত হয়েছেন।