এখনো হালদায় ডিম ছাড়েনি মা-মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের একমাত্র প্রাকৃতিক ম ৎ স্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে ডিম ছাড়তে দেরি করছে মা-মাছ। পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় ও নদীতে পানিপ্রবাহ কম থাকায় এখনো মা-মাছ ডিম ছাড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া রাবার ড্যামের কারণে গত বছরের মতো এবারও ডিমের পরিমাণ কম হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
জেলা ম ৎ স্য কর্মকর্তা, হালদা বিশেষজ্ঞ ও স্থানীয় ডিম সংগ্রহকারীরা জানান, প্রতিবছর এপ্রিল থেকে জুন পর্যন্ত হালদায় মা-মাছ ডিম ছাড়ে। বজ্রসহ প্রচুর পরিমাণে বৃষ্টি হলে প্রবল পাহাড়ি ঢলে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউশ জাতীয় মাছ ডিম ছাড়ে। সাধারণত এপ্রিলেই বেশির ভাগ মাছ ডিম ছাড়লেও গত বছর ডিম ছাড়ে ৫ মে। এবার আরও দেরিতে ডিম ছাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, ২০১২ সালে হালদার মাছের ডিম থেকে এক হাজার ৫৬৯ কেজি রেণু সংগ্রহ করা হয়। কিন্তু ২০১৩ সালে সেটি নেমে আসে ৬২৫ কেজিতে।
মাছের ডিম কমে যাওয়ার কারণ হিসেবে ২০১২ সালে হালদা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম দুটিকে দায়ী করেন হালদা নদী বিশেষজ্ঞ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরিয়া।
তিনি প্রথম আলোকে বলেন, বৈশিষ্ট্য অনুযায়ী ফটিকছড়ি এলাকায় প্রচুর বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল নেমে এলে মা-মাছ পূর্ণিমা বা অমাবস্যায় ডিম ছাড়ে। কিন্তু ওপরের দিকে বাঁধ দিয়ে পানি আটকে রাখায় স্বাভাবিকভাবেই পানিপ্রবাহ কমে গেছে। ফলে গত বছর মা-মাছ প্রত্যাশিত পরিমাণে ডিম ছাড়তে পারেনি। এবারও এর পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র জানায়, ২০১২ সালে ফটিকছড়ির ভূজপুরে হালদা নদীর ওপর দুটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। সে সময় কোনো ধরনের সমীক্ষা ছাড়াই ওই ড্যামগুলো নির্মাণ করা হয়।
জানা যায়, মাছের প্রজনন অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় গত ফেব্রুয়ারিতে ম ৎ স্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিবসহ একটি বিশেষজ্ঞ দল হালদা পরিদর্শন করে। সে সময় মাছের স্বার্থে ৩১ মার্চের মধ্যে রাবার ড্যামগুলো খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে সেচকাজের কারণে নির্ধারিত সময়ে রাবার ড্যামগুলো খুলে দেওয়া হয়নি।
জেলা ম ৎ স্য কর্মকর্তা প্রভাতী দেব বলেন, ‘বারবার অনুরোধের পর গত ২৮ এপ্রিল দুটি রাবার ড্যামের মধ্যে একটি খুলে দেওয়া হয়। এতে পানিপ্রবাহ কিছুটা বেড়েছে। আরও আগে খুলে দিলে পানিপ্রবাহ আরও বেশি থাকত। তা ছাড়া এ বছর বৃষ্টিও কম হয়েছে। আশা করছি, সামনের পূর্ণিমায় হয়তো মা-মাছ ডিম ছাড়বে।’
এদিকে মাছের ডিম সংগ্রহের অপেক্ষায় আছেন পাঁচ শতাধিক মানুষ। প্রতি বছরের মতো এবারও তাঁরা নৌকা ও জাল নিয়ে প্রস্তুত। তাঁদের একজন গোরদুয়ারা এলাকার ডিম সংগ্রহকারী মো. কামাল। ৪০ বছর ধরে তিনি ডিম সংগ্রহ করছেন।
তিনি বলেন, ‘অনেকে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে নৌকা ও জাল কেনেন। রাবার ড্যাম আমাদের জীবনে অভিশাপ হয়ে এসেছে। এগুলোর কারণে গত বছর দেরিতে ডিম পেয়েছি, পরিমাণেও কম ছিল। এবারও যদি একই অবস্থা হয়, তাহলে অনেককে পথে বসতে হবে।’