এখনো'জিম্মি' সেই রোগী
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যে রোগীর চিকিত্সাকে কেন্দ্র করে শিক্ষানবিশ চিকিত্সকদের সঙ্গে সম্প্রতি রোগীর স্বজন ও সাংবাদিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই রোগী আবিদ হোসেনকে পুলিশি পাহারায় এখনো হাসপাতালে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তার পরিবারের সদস্যরা।
স্বজনদের অভিযোগ, সুস্থ বোধ করা সত্ত্বেও আবিদকে আটকে রাখা হয়েছে। দুদিন আগেই তাকে ছেড়ে দেওয়ার কথা।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেছিলেন, ‘ছেলেটি মোটামুটি সুস্থ। তাকে কাল-পরশুর মধ্যে হয়তো চিকিত্সকেরা ছেড়ে দেবেন। আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না যেন না ঘটে, এ জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।’
এদিকে, শিক্ষানবিশ চিকিত্সকদের পিটুনিতে আহত রোগী আবিদের ভাই আক্তার হোসেন ওরফে রোজকে তিন দিন আটকে রাখার পর আজ বুধবার সন্ধ্যায় ছেড়ে দিয়েছে পুলিশ। আক্তার হোসেনের স্ত্রী প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত রোববার রাত ১০টায় রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র আবিদ হোসেন হঠাত্ অসুস্থ হয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে আবিদের চিকিত্সাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার জের ধরে তার ভাই আক্তার হোসেনকে পিটিয়ে আহত করেন শিক্ষানবিশ চিকিত্সকেরা। ওই দিন রাতেই পুলিশ আক্তার হোসেনকে আটক করে নিয়ে যায়।
এদিকে, শিক্ষানবিশ চিকিত্সকদের ওপর হামলার প্রতিবাদে আজ বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত নগরের সাহেব বাজার এলাকার জিরো পয়েন্টে মানববন্ধন করেন সাংবাদিকেরা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে তাঁরা রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করেন। এ সময় সাংবাদিকদের ওপর হামলাকারী শিক্ষানবিশ চিকিত্সকদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে তাঁর কাছে স্মারকলিপি দেওয়া হয়। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন পুলিশ কমিশনার। তিনি বলেন, তাঁদের জনবল বেশি থাকলে হয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটত না। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি।