বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হামলায় নিহত সিলেটের গোলাপগঞ্জের মো. এখলাছ (৫০) সর্বশেষ গত সোমবার দেশে টেলিফোন করেছিলেন। বাংলাদেশ সময় বেলা তিনটায় তিনি ‘ভালা আছি, দোয়া কইর...’ কথাগুলো ঘুরেফিরে বলেছিলেন। গত বুধবার এখলাছের নিহত হওয়ার খবর পাওয়ার পর থেকে তাঁর পরিবারে চলছে শোকের মাতম।পারিবারিক সূত্র জানায়, গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মণাবন্দ ইউনিয়নের করগাঁও-উজানপাড়া গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে এখলাছ (পাসপোর্ট নম্বর আর-০৫৭৮৫৯৭) ৩০ বছরেরও বেশি সময় ধরে বাহরাইনে আছেন। তাঁর স্ত্রী ও তিন কন্যাসন্তান রয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বাহরাইনে অবস্থানরত তাঁর দুই তালতো ভাই বাড়িতে টেলিফোন করে এখলাছের মৃত্যুর খবর জানান।এখলাছের এক ভাই নাজমুল হোসেন জানান, বাহরাইন থেকে টেলিফোন পাওয়ার পর সিলেটের জেলা প্রশাসন থেকে তাঁরা এখলাছের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বাড়িতে মিলাদ মাহফিল ও শিরনি বিতরণ করা হয়েছে। নাজমুল বলেন, ‘সর্বশেষ ফোনে তিনি বলেছিলেন “ভালা আছি, দোয়া কইর”। আমরা উৎকণ্ঠার মধ্যে থাকলেও ভাবছি না, এই দোয়া চাওয়াটা ভাইয়ের জীবনের শেষ চাওয়া...!’হান্নান মারা যাননি: এখলাছের সঙ্গে গোলাপগঞ্জের লক্ষ্মণাবন্দ ইউনিয়নের ফুলসাইন্দ গ্রামের আবদুল হান্নান মারা যাননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে সিলেটের জেলা প্রশাসন থেকে এখলাছের সঙ্গে হান্নানও (পাসপোর্ট নম্বর এক্স-০০৬৩২১১) মারা গেছেন বলে জানানো হয়। মৃত্যুর খবর বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রচার হয়।দেশে থাকা হান্নানের বড় ছেলে মেহদি হাসান ও হান্নানের শ্যালক শফিক মিয়া গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, তাঁদের নিকটাত্মীয় কয়েকজন টেলিফোন করে হান্নান মারা যাননি বলে জানিয়েছেন। পরে তাঁরা হান্নানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। শফিক বলেন, ‘বিভ্রান্তিমূলক খবরে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এখন সবার কাছে দোয়া চাই, ভালোয় ভালোয় তিনি (হান্নান) ফিরে আসুন।’সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, হান্নান কী অবস্থায় আছেন, তা নিশ্চিত হতে প্রশাসন থেকে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হচ্ছে।