এখলাসউদ্দিন আহমদ শিশুসাহিত্যিক হিসেবে ছিলেন অনন্যসাধারণ
এখলাসউদ্দিন আহ্মদ শিশুসাহিত্যিক হিসেবে ছিলেন অনন্যসাধারণ। তাঁর এক যে ছিল নেংটি, তুনুর দুপুর, তুনুর হারানো পুতুলগুলো, বৈঠকি ছড়া, প্রতিরোধের ছড়া ইত্যাদি বাংলা শিশুসাহিত্যের স্বর্ণসম্পদ। তাঁর সৃষ্ট শিশুসাহিত্যিক চরিত্র ‘তুনু’ কয়েক প্রজন্মের শিশু-কিশোরদের প্রিয় চরিত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। সাহিত্য সংগঠক হিসেবেও তিনি ছিলেন অসাধারণ।
সম্প্রতি প্রয়াত বিশিষ্ট শিশুসাহিত্যিক, বাংলা একাডেমির ফেলো এখলাসউদ্দিন আহমদকে এভাবেই মূল্যায়ন করলেন বক্তারা। আজ শনিবার বিকালে এখলাসউদ্দিন আহমদ স্মরণে বাংলা একাডেমি একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এক শোকসভার আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, এখলাসউদ্দিন আহমদের সাহিত্যকর্ম ও সামাজিক সাংস্কৃতিক ভূমিকার মূল্যায়নে একটি স্মারক প্রকাশনা এবং এখলাসউদ্দিন আহমদ ও প্রয়াত গুণী শিশুসাহিত্যিকদের স্মৃতিতে একটি জাতীয় স্মরণ কমিটি গঠন করা প্রয়োজন।
সভার শুরুতে সদ্যপ্রয়াত মুক্তিযুদ্ধের প্রেরণাদায়ী সংগীতব্যক্তিত্ব গোবিন্দ হালদার ও এখলাসউদ্দিন আহমদ স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন,১৯৬৫ সালে ছড়ায় ছড়ায় ছন্দ-এর মধ্য দিয়ে যে এখলাসউদ্দিন আহমদকে আমরা চিনতে শুরু করি তিনি ক্রমশ আমাদের সাহিত্য সাংস্কৃতিক জীবনকে যে বিপুলভাবে সমৃদ্ধ করেছেন, তা কখনো ভুলবার নয়।
স্মৃতিচারণ ও এখলাসউদ্দিন আহমদের সাহিত্যকর্মের মূল্যায়নমূলক আলোচনায় অংশ নেন সৈয়দ শামসুল হক, শামসুজ্জামান খান, রফিকুন নবী, আসাদ চৌধুরী, সুলতানা কামাল, হায়াৎ মামুদ, মাহবুব তালুকদার, আলী ইমাম, আখতার হুসেন, হাবীবুল্লাহ সিরাজী, সৈয়দ মোহাম্মদ শাহেদ, শুভ রহমান, আবু নাহিদ, লুৎফর রহমান রিটন প্রমুখ। আজ বাংলা একাডেমির এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কবি মুহম্মদ নূরুল হুদা, রামেন্দু মজুমদার, আতাউর রহমান, কাইজার চৌধুরী, কবি মুহাম্মদ সামাদ, রফিকুল হক দাদুভাই, আনোয়ারা সৈয়দ হক, তারিক সুজাত, শিল্পী আবুল বারক আলভী, মাহমুদউল্লাহ, সুজন বড়ুয়া, খালেক বিন জয়েনউদদীন, রহীম শাহ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিশুসাহিত্যের পত্রিকা টাপুর টুপুর সম্পাদনা এবং চট্টগ্রামের বইঘর প্রকাশনা সংস্থার মাধ্যমে বাংলাদেশের প্রকাশনা জগতে আধুনিকতা ও রুচিস্নিগ্ধতার স্বাক্ষর রেখেছেন এখলাসউদ্দিন। শিশুদের তিনি প্রকৃতি ও মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। বাংলাদেশের শিশু-কিশোর সাহিত্যকে যুক্ত করেছেন প্রগতিশীল ধারার সঙ্গে। সংবাদপত্রের সঙ্গে যুক্ত থাকাকালে গতানুগতিক বৃত্তের বাইরে সংবাদপত্রের মানবিক দিককে করেছেন সমৃদ্ধ। ৬৯-এর গণ-অভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয়। শামসুর রাহমানসহ আমাদের সেরা সাহিত্যিকদের তিনি শিশুদের জন্য লিখতে অনুপ্রাণিত করেছেন। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের খোয়াবনামা উপন্যাস সংবাদপত্রের পাতায় ধারাবাহিকভাবে প্রকাশেও তাঁর অবদান ভুলবার নয়।