এখানে ইতিহাস গুমরে কাঁদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার স্মৃতিবিজড়িত কারাকক্ষ, এখন মৃত্যুঞ্জয়ী স্মৃতিকক্ষ। পাশে স্মৃতিফলক l ছবি: প্রথম আলো
পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার স্মৃতিবিজড়িত কারাকক্ষ, এখন মৃত্যুঞ্জয়ী স্মৃতিকক্ষ। পাশে স্মৃতিফলক l ছবি: প্রথম আলো

হেলে পড়া এক কাঁঠালগাছের সামনে দক্ষিণমুখী বাড়ি। পূর্ব-পশ্চিমে লম্বা। ঔপনিবেশিক স্থাপত্যরীতির বাড়িটিতে তিনটি কামরা। সামনে একচিলতে বারান্দা। সেটিও দেয়াল দিয়ে ঘেরা। ঘরের ও বারান্দার দরজায় লোহার গরাদ। প্রথম কক্ষের গরাদে বুলেটের দাগ ক্ষতচিহ্নের মতো হয়ে আছে। গুলির চিহ্ন রয়েছে অন্য দুই কক্ষেও। আগে এর নাম ছিল ‘করতোয়া’, এখন ‘মৃত্যুঞ্জয়ী স্মৃতিকক্ষ’। এখানে ইতিহাস গুমরে কাঁদে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঘাতকেরা এখানেই গুলি করে হত্যা করে জাতীয় চার নেতাকে।
জেলহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ জেল ও স্বেচ্ছাসেবী সংগঠন জার্নি যৌথ ব্যবস্থাপনায় নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে আয়োজন করেছে ‘সংগ্রামী জীবনগাথা’ নামে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র নিয়ে বিশেষ প্রদর্শনী। এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল ১ নভেম্বর, মঙ্গলবার। গতকাল বুধবার থেকে কারাফটক খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। টিকিট ১০০ টাকা। প্রদর্শনী চলবে ৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা।
লম্বা লাইন দিয়ে লোকজন জেলখানায় ঢুকছে এমন দৃশ্য বিরল। সাধারণ নাগরিকের কাছে কারাগার চিরকালই এক অপার কৌতূহলের স্থান। লোহার গরাদ আর উঁচু প্রাচীরের আড়ালে কী আছে, তা চোখে দেখার কোনো উপায় তাদের নেই। তো সেই লৌহকপটা যখন খুলে গেল, তখন উৎসুক মানুষের ভিড় তো হবেই। টিকিট কাউন্টারে গিজগিজে ভিড়। টিকিট কাটার পর লাইন দিতে হচ্ছে ফটকের সামনে। সব মিলিয়ে জেলে ঢুকতেই লেগে যাচ্ছে ২০-২৫ মিনিট। তা লাগুক, ‘এভাবে জেলে ঢোকা জীবনের এক অসাধারণ অভিজ্ঞতা’ বলে মন্তব্য করলেন যাত্রাবাড়ী থেকে স্ত্রী তাহিরা বেগমকে নিয়ে আসা ব্যবসায়ী জামাল হোসেন।
জাতীয় চার নেতাকে রাখা হয়েছিল জেলখানার নতুন অংশে। এটি দক্ষিণ প্রান্তে। সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দীন আহমদ ছিলেন এক ঘরে। এটি বেশ বড়। দুপাশে দুটি চৌকি পাতা। আর দক্ষিণ দিকের দেয়ালের পাশে একটি করে টেবিল-চেয়ার। আসবাব বলতে এই। এগুলো কাচ দিয়ে ঘিরে রাখা। মাঝখানের ঘরে থাকতেন এ এইচ এম কামারুজ্জামান এবং এর পরের ঘরে ক্যাপ্টেন মনসুর আলী। তাঁদের ঘরেও একই রকম আসবাব। পশ্চিম পাশের খোলা জায়গায় মৌসুমি ফুলের বাগান। সামনে চার নেতার ব্রোঞ্জের আবক্ষ ভাস্কর্য। পাশেই ফুলগাছের তলায় ইট বাঁধাই করা একটি জায়গা। তাতে লাল রঙের ছোপ। হত্যার পর চার নেতার মরদেহ এখানে এনে রাখা হয়েছিল। ২০১০ সালের ৮ মে কারাগারের এই সেলটি ‘জাতীয় চার নেতার কারা স্মৃতি জাদুঘর’ হিসেবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কেন্দ্রীয় কারাগারের এই বেদিতে ঘাতকেরা চার নেতার মরদেহ রেখেছিল
কেন্দ্রীয় কারাগারের এই বেদিতে ঘাতকেরা চার নেতার মরদেহ রেখেছিল

জাদুঘরের সামনে সেলফি তুলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামসুন্নাহার ও তাঁর বন্ধু ইডেন কলেজের শিক্ষার্থী সোনিয়া। তাঁরা বলেন, ‘নতুন অভিজ্ঞতা হলো। জায়গাটি সংরক্ষণ করে সারা বছরই এটি উন্মুক্ত রাখা উচিত। তাহলে দেশ-বিদেশের মানুষ ঘটনাগুলো জানাতে পারবে।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সেলে ছিলেন, সেটিও জাদুঘরে রূপান্তরিত করা হয়েছে। এটি পশ্চিম পাশে। বঙ্গবন্ধু ও চার নেতার ১৪৫টি আলোকচিত্রের প্রদর্শনী হচ্ছে যমুনা ভবনের পাশে। ছবিগুলো সাজানো হয়েছে ৭৫টি ফ্রেমে। এ ছাড়া কেন্দ্রীয় জেল, বঙ্গবন্ধু ও চার নেতাকে নিয়ে নাজমুল হোসেনের নির্মিত একটি প্রামাণ্যচিত্রও দেখানো হচ্ছে যমুনা-২ ভবনে। আয়োজক সংস্থা জার্নির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার বজলুল হক বললেন, ‘জেলহত্যা ছিল একটি বিরাট ষড়যন্ত্রের অংশ। এই প্রদর্শনীতে সেটিকেই আমরা দেশ-বিদেশের সাধারণ মানুষের কাছে প্রামাণ্য আকারে তুলে ধরার চেষ্টা করেছি।’ আর বর্তমানে এই কারাগারের দায়িত্বে থাকা ডেপুটি জেলার আশরাফুল ইসলাম বললেন, ‘জেলখানা দেখার সুযোগ সাধারণত সবার হয় না। কৌতূহল মেটাতে বহু দর্শক আসছেন। জেলখানায় এমন উৎসবমুখর পরিবেশ আগে আর দেখা যায়নি।’ তবে দর্শক মনের আনন্দে সেলগুলোতে ঘুরেফিরে সেলফি তুললেও ঠিকই বুঝেছেন জেলখানা মোটেই আন্দের জায়গা নয়।
আরও পড়ুন : আজ জেলহত্যা দিবস