
সবার মনের ভেতর যেন একটা লালগালিচাই বিছানো ছিল রিচার্ড মার্কসের জন্য। গত শতাব্দীর আশির দশকে সদ্য কৈশোরে পা রাখা ছেলেমেয়েরাই হোক কিংবা হোক একালের টগবগে তরুণ—সবাই যেন ঢাকায় ‘রিচার্ড মার্কস জ্বরে’ ভুগছিলেন কয়েক দিন ধরে। গানপাগল মানুষেরা অপেক্ষায় ছিলেন এই মার্কিন শিল্পীর গান সামনাসামনি শোনার জন্য।
সেই অপেক্ষার অবসান হলো গতকাল মঙ্গলবার রাত ৭টা ৪০ মিনিটে। একাই এলেন মঞ্চে। নিজের অনুভূতি জানিয়ে দর্শকদের পেছনে রেখে মঞ্চে সেলফি তুললেন। গিটার হাতে গানের ঝাঁপি খুললেন খুব চেনা ‘এন্ডলেস সামার নাইটস’ গানটি দিয়ে। তাতেই চেনা গেল তাঁকে। মিলনায়তনজুড়ে সেকি উল্লাস! মঞ্চের মাঝখানে থাকা পিয়ানো বাজিয়ে শেষ করলেন খুব জনপ্রিয় ‘আই উইল বি রাইট হেয়ার ওয়েটিং ফর ইউ’ গানটি দিয়ে। দক্ষিণ আফ্রিকায় সিনেমার শুটিংয়ে যাওয়া স্ত্রী সিনথিয়া রোডসের উদ্দেশে লেখা মার্কসের চিঠিই রূপান্তরিত হয়েছে এ কালজয়ী গানে। বাংলায় ভাবলে দাঁড়ায় এ রকম: ‘এখানেই তোমার অপেক্ষায় থাকব...।’
প্রিয় গায়কের চেনা গানগুলোয় সুর মেলালেন সেকালের তরুণদের অনেকেই। নীরব থাকেননি একালের তরুণেরাও। গানের এ তালিকায় আরও ছিল ‘স্যাটিসফায়েড’, ‘হোল্ড অন টু দ্য নাইট’, ‘নাউ অ্যান্ড ফরএভার’, ‘ড্যান্স উইথ মাই ফাদার’, ‘দিজ আই প্রমিজ ইউ’ গানগুলো। ‘হ্যাজার্ড’ গানটির সঙ্গে তাঁকে গিটারে সঙ্গ দিলেন বাংলাদেশের তরুণ কাজী ফয়সাল আহমেদ।
‘অনলি ইউ ক্যান সেভ মি’ গানের আগে মার্কস জানালেন তাঁর তিন ছেলের কথা। পর্দায় ধারণ করা তিন ছেলের ভিডিও দেখা গেল। ড্রাম, কিবোর্ড আর গিটারে তারা বাবার গানে সংগত করল।
রাত পৌনে আটটা নাগাদ মূল অনুষ্ঠান শুরু হলেও অনেকে বিকেল থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমের সামনে ঘাঁটি গেড়েছিলেন। রিচার্ড মার্কসের কনসার্টের মহার্ঘ টিকিট জোগাড় করেছেন তাঁরা। সবচেয়ে কম দামি টিকিটই ছিল হাজার তিনেক টাকার। ওপরে ২০ হাজার! তারপরও মিলনায়তন কানায় কানায় ভরা।
রাত ৯টায় যখন দর্শক বের হচ্ছিলেন মিলনায়তন থেকে, তখন অনেকেরই কণ্ঠে ছিল ‘আই উইল বি রাইট হেয়ার ওয়েটিং ফর ইউ’ গানটি।
‘রিচার্ড মার্কস লাইভ ইন ঢাকা’ শিরোনামের অনুষ্ঠানটি আয়োজন করছে ক্রেইনস। অনুষ্ঠানের রেডিও পার্টনার এবিসি রেডিও।