এগারসিন্দুর প্রভাতী, ঢাকা থেকে মায়ের বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কীভাবে বাড়ি যাব? হেঁটেই রওনা দেব? ভিড়, মানুষের ধাক্কা, চিৎকার চেঁচামেচি থেকে মুক্তি পেতে আমার দুই পা–কেই ভালো অবলম্বন মনে হচ্ছিল। তবু বাড়ি তো সেই ১০০ কিলোমিটার দূরের কিশোরগঞ্জ। আর আমার নিজের গতি ঘণ্টায় ৫ কিলোমিটারের বেশি হবে না। ঠিক সেই মুহূর্তে স্কুলের বন্ধু ফয়সাল বলল, তার কাছে এগারসিন্দুর ট্রেনের টিকিট আছে, তা–ও ৪টা।

আমি নিজেকে গুনে দেখলাম আমি মাত্র ‘একজন’। যেহেতু টিকিট ফয়সালের কাছে আছে, সেহেতু আমার দার্শনিক হয়ে হেঁটে যাওয়ার চিন্তা বাদ দিয়ে কাকডাকা ভোরে ট্রেনেই রওনা হওয়ার সিদ্ধান্ত নিই। ট্রেন কমলাপুর স্টেশন থেকে ছাড়বে ৭টা ১৫ মিনিটে। আর আমাকে নিজের ঢাকার বাসা থেকে নিজেকে ছাড়তে হবে ছয়টার দিকে। হুড়মুড় করে ঘুম থেকে উঠে চলে গেলাম কমলাপুর। তখনো আমার ঘুম ভাঙেনি। ঘুমহীন দুই চোখেও তাই শুধু মানুষ আর মানুষ দেখছি। আমি নিশ্চিত যে একটা মানুষকে চারটা মানুষ দেখছি। কিন্তু যখন চিৎকার–চেঁচামেচিতে সম্পূর্ণ ঘুম ভাঙে, তখন খেয়াল করি নাহ! আমি সত্যি দেখছি।

মই দিয়ে মানুষ ছাদে উঠছে, জানালা দিয়ে নিজেকে ঠেলে ভেতরের দিকে নিচ্ছে। কেউ তার কোলে থাকা পিচ্চিকেও ধমক দিচ্ছে। সে মুহূর্তে আমি অনুভব করলাম, আমাকেও এই সংগ্রামে শামিল হতে হবে। মোবাইল আর ল্যাপটপ সাবধানে রেখে আমি এগিয়ে যাচ্ছি ৬ নম্বর প্ল্যাটফর্মের দিকে। যেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এগারসিন্দুর প্রভাতী। আমি উঠব ‘ক’ বগিতে। যদি কাউকে বলি ‘ক’ বগি কোন দিকে, তবে নিশ্চিত বলবে যে ‘কাক–এর ক নাকি খেলার খ’? তাই কাউকে জিজ্ঞেস না করে নিজেই খুঁজে নিলাম। খুঁজে পেলেও কী হবে, সেই বগি যে জগতের বিখ্যাত প্রাণী ‘মানুষ’–এ ঠাসা। একজনকে বললাম উঠব কোন দিক দিয়ে? তিনি বোঝালেন, এই ঈদে বাড়ি যেতেই হবে? ঘরে বউ আছে নাকি?

আমাকে উদ্ধার করলেন এক টিটি। তিনি যখন জানলেন আমার টিকিট আছে, তখন সসম্মানে অন্য মানুষকে সরিয়ে আমাকে কাঙ্ক্ষিত সিটে এগিয়ে দিয়ে এলেন। আমি টিটির এই মহানুভবতায় যখন আবেগে আপ্লুত, তখন সিটের দিকে তাকিয়ে দেখি এক কোনায় আমার বন্ধু ফয়সাল অসহায়ের মতো বসে আছে আর বাদ বাকি সব জায়গায় একটা সম্পূর্ণ পরিবার বসে আছে। কয়েক হালি বাচ্চা, মা-বাবা-ভাইবোন-দাদা-দাদি থেকে শুরু করে সবাই। তাদের টিকিট ছিল বিকেলের ট্রেনের কিন্তু তারা সকালের ট্রেনে যাবে বলে মনস্থির করে এবং তারা আমাদের সঙ্গে বসে যাওয়ারও মনস্থির করে। তাদের এই ট্রেনের টিকিট নেই তো কী হয়েছে? আমার আর ফয়সালের তো আছে। আমাদেরও তাদের পরিবারের অংশ হিসেবে তারা মেনে নিচ্ছে।

এমনই উদ্ভট পরিবেশে ট্রেনের একজন আমাদের আঞ্চলিক ভাষায় বলে, ‘এল্লা ছাইড়া দেইন তে টেরেন ডা।’ নির্দিষ্ট সময়ের পাঁচ মিনিট পর ট্রেন ছেড়ে যায়। ঢাকা ভেদ করে ট্রেন ছুটে চলেছে। কু ঝিঁক ঝিঁক করতে করতে বিমানবন্দর স্টেশনে যখন এল, তখন আরও উদ্ভট অবস্থা। এই স্টেশনের কেউ ট্রেনে উঠতে পারছে না। লিফট যেমন একটা ওজনের পর আর নিতে পারে না, তেমনই এই ট্রেনের একই অবস্থা।

অনেকেই মিস করলেন ট্রেনে উঠতে, তাদেরকে টাটা বাই বাই দিতে দিতে আমরা স্বার্থপরের মতো ছুটলাম বাড়ির দিকে। জানালা দিয়ে মিষ্টি বাতাস আসে আর ট্রেনে থাকা ছোট বাচ্চাদের চিৎকারে এক সুন্দর সুখ-দুঃখের খেলা। ভিড়ের দাপটে আসে না টিটি, আসে না কোনো হকার। তিন ঘণ্টা যাত্রার পর নেমে যাই কাঙ্ক্ষিত সরারচর স্টেশনে। আমরা দুজন নেমে যাই কিন্তু থেকে যায় আরও হাজার হাজার মানুষ। তারা নামবে সামনের কোনো এক স্টেশনে, হয়তো গচিহাটা, হয়তো শেষ স্টেশন কিশোরগঞ্জ। তারা ছাদে বসে-শুয়ে শার্ট খুলে গান গেয়ে যাচ্ছে, ‘পাগলা হাওয়ার তোরে...’।

ঈদের আনন্দ বলে কথা! সবাইকে ঈদ মোবারক।