এগিয়ে চলেছে একরামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একরামুল হকের বাঁ হাতের জায়গায় আঙুলের মতো মাংসপিণ্ড ঝুলে আছে। ডান হাতে দুটি আঙুল। এই দুই আঙুলের মাঝে কলম ধরে ডান বাহুর সঙ্গে কলম ঠেকিয়ে লেখে সে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার মল্লিকপুর ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় থেকে গত বছর পিএসসি (প্রাইমারি স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে একরামুল।
এই বিদ্যালয় থেকে ২০১২ সালের পিএসসি পরীক্ষায় যে ২৫ জন অংশ নিয়েছিল, এদের মধ্যে দুজন জিপিএ-৫ পেয়েছে। ব্র্যাক বিদ্যালয় থেকে তাকে কাঠের একটি টুল দেওয়া হয়েছে। ওই টুলে বসেই সে পড়াশোনা করেছে। একরামুল এ বছর পীরগঞ্জের জাবরহাট উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেন মালাকার বলেন, ‘একরামুল চার কিলোমিটার হেঁটে স্কুলে আসে। ছেলেটি অত্যন্ত মেধাবী।’
পীরগঞ্জের দৌলতপুর গ্রামের দিনমজুর নজিবউদ্দীন আলীর ছেলে একরামুল হক। একরামুলের মা রাহেলা বেগম বলেন, ‘এই ছোয়াডা জন্মের পর খুব চিন্তা ছিল—বড় হয়ে কী করবে, কেমনে বাঁচে থাকবে মোর ছোয়াডা। কিন্তু এখন দেখেছু পড়াশুনা করে ছোয়াডা মোর মানুষ হবেই।’
একরামুল বলে, ‘আমার হাত নেই, কিন্তু দুটো পা তো আছে। পায়ের ওপর ভর দিয়েই আমি সবকিছু করতে পারব। আমাকে সহযোগিতা করলে আমি লেখাপড়ায় ভালো করতে পারব।’