এগিয়ে যাওয়ার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ নভেম্বর ছিল প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী। তবে কর্মীরা গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করেছেন রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে। অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক (বাঁ থেকে) ওবায়দুর রহমান খান, আতিকুর রহমান, সাইফুর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, ট্রান্সকমের পরিচালক সিমিন হোসেন এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ষ ছবি: প্রথম আলো
৪ নভেম্বর ছিল প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী। তবে কর্মীরা গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করেছেন রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে। অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক (বাঁ থেকে) ওবায়দুর রহমান খান, আতিকুর রহমান, সাইফুর রহমান, ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, ট্রান্সকমের পরিচালক সিমিন হোসেন এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ষ ছবি: প্রথম আলো

আরও ভালো কাজ, নতুন উদ্যমে এগিয়ে যাওয়া। সাংবাদিকতার গুণমানের উন্নতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব দিয়ে নিরন্তর শ্রম ও নিষ্ঠায় আগামী দিনের সব সম্ভাবনাকে বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত হয়েছে প্রথম আলোর ১৫ বছর পূর্তির অনুষ্ঠানে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঘরোয়া সম্মিলনের আয়োজন করা হয়েছিল প্রথম আলোর কার্যালয়ে। প্রথম আলোর কর্মীরা বিগত দিনগুলোর মতোই ব্যক্তিগত ও দলীয় প্রচেষ্টা, নৈপুণ্য ও উদ্যমের মাধ্যমে প্রথম আলোর অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেড এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, ‘ব্যক্তিমানুষের জীবনে ১৫ বছর দীর্ঘ সময় হলেও প্রতিষ্ঠানের জন্য অল্পই। আমরা আশা করি, বছরের পর বছর, যুগের পর যুগ ধরে প্রথম আলোর অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
লতিফুর রহমান আরও বলেন, প্রথম আলোতে প্রতিশ্রুতিমান পেশাজীবীদের সমাবেশ ঘটেছে। এর সাফল্যের অন্যতম কারণ হলো, এখানে দলগত কাজ করার একটা সংস্কৃতি গড়ে উঠেছে। সেই কাজকে নিয়মিত দেখভাল করার জন্য আছে যোগ্য নেতৃত্ব।
লতিফুর রহমান বলেন, সাফল্যের একটা জায়গায় পৌঁছানোর পর আশপাশে কেউ না থাকলে কাজের গতি কমে আসে। পত্রিকাটির প্রচারসংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। লক্ষ্য ছয় লাখে পৌঁছানো। এটা খুবই সম্ভব। কারণ, দেশে শিক্ষার হার বাড়ছে, মানুষের আয় বাড়ছে। কয়েক বছর ধরে দেশে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধি আরও বাড়তে পারত, যদি দেশের রাজনীতি স্থিতিশীল থাকত।
দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, প্রথম আলো এ দেশে সাংবাদিকতার ক্ষেত্রে একটি অনন্য উদাহরণ। নির্দ্বিধায় বলা যায়, দেশের শ্রেষ্ঠ পত্রিকা। দিনে দিনে পত্রিকাটি বড় হচ্ছে, সম্মানিত হচ্ছে, দেশ ও জাতির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে। এ জন্য প্রথম আলোর সঙ্গে সংশ্লিষ্ট সবাই আত্মতৃপ্তি লাভ করতে পারেন। তবে মনে রাখতে হবে, ভালোর কোনো শেষ নেই। প্রতিষ্ঠানটি যত বড় হচ্ছে, মানুষের প্রত্যাশাও এর প্রতি তত বাড়ছে।
সম্পাদক মতিউর রহমান প্রথম আলোর সব স্তরের কর্মী, পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজ (গতকাল) পাঁচ লাখ ৩৬ হাজার পত্রিকা ছাপা হয়েছে। ঢাকা ছাড়াও চট্টগ্রাম ও বগুড়াতে নিজস্ব ছাপাখানা থেকে পত্রিকা ছাপা হচ্ছে। ছাপা কাগজের পাশাপাশি অনলাইন ও মুঠোফোনে সেবাও দেশে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।
মতিউর রহমান বলেন, ‘আমরা সাংবাদিকতার গুণমান বৃদ্ধির চেষ্টা করছি। বিদেশি প্রশিক্ষকদের এনে সাংবাদিকতা, গবেষণা, বিপণন, বিজ্ঞাপন, গ্রাফিকসসহ বিভিন্ন বিভাগে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এটা অব্যাহত থাকবে।’
নিজ নিজ কাজে বিশেষ ভূমিকা রাখার জন্য প্রথম আলোর বিভিন্ন বিভাগের কর্মীদের সম্মাননা ও স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপের পরিচালক সাইফুর রহমান, আতিকুর রহমান, ওবায়দুর রহমান খান ও সিমিন হোসেন, ট্রান্সক্রাফট লিমিটেডের নির্বাহী পরিচালক জালাল উদ্দিন আকন্দ এবং প্রথম আলো, অনলাইন, প্রথমা প্রকাশন, প্রথম আলো জবস ও এবিসি রেডিওর কর্মীরা উপস্থিত ছিলেন।
ফিচার সম্পাদক সুমনা শারমীন অনুষ্ঠানের সূচনা করে সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।