এগিয়ে যেতে চায় রিমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার রিমন মিয়া নামের সেই প্রতিবন্ধী ছেলেটির অধ্যবসায় শেষ পর্যন্ত সাফল্য বয়ে এনেছে। সে এবারের এসএসসি পরীক্ষায় ৪ দশমিক ৪৪ পেয়ে পাস করেছে।
রিমন (১৫) সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের হাসিলকান্দি গ্রামের গোলাম হোসেনের ছেলে। শারীরিক প্রতিবন্ধকতা নিয়েই জন্ম হয় তার। দুই হাতেরই আঙুল থেকে কনুই পর্যন্ত নেই। কিন্তু লেখাপড়ার প্রতি বরাবরই প্রচণ্ড আগ্রহ ছেলেটির। এই আগ্রহই তাকে আর সব শিশুর সঙ্গে পাল্লা দিয়ে বেঞ্চে বসে টেবিলে খাতা রেখে দুই কনুইয়ের মাঝে কলম ধরে দ্রুত লিখতে শিখিয়েছে। এভাবেই এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষাও দেয় সে। সে সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল।
প্রধান শিক্ষক মোজাম্মেল হক আকন্দ বলেন, সমস্যা থাকলেও শ্রেণিকক্ষে অন্য শিক্ষার্থীদের চেয়ে লেখাপড়ায় রিমন কোনো অংশেই কম ছিল না। শ্রেণিকক্ষে পাঠদানের সময় সে খুবই মনোযোগী থাকত। ইচ্ছাশক্তির জোড়েই সে ভালো ফল করে এবার এসএসসি পাস করল।
রিমনের এ সংগ্রাম নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘মনের জোরে আলোর পথে’ শিরোনামে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়।
রিমনের মা নার্গিস বেগম বলেন, ‘এত দিন কোনোমতে পড়াশোনার খরচ চালিয়েছি। ছেলেটা পাস করে আমাদের চিন্তায় ফেলল।’ বাবাও একই কথা বলেন। তিনি নিজে একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সাঘাটা বাজারে ব্যবসা করেন। বসতভিটা ছাড়া সম্বল আর কিছু নেই। কোনোমতে পাঁচ সদস্যের সংসার চলে। তিন ভাইবোনের মধ্যে রিমন সবার বড়। ছোট দুজনও বিদ্যালয়ে পড়ছে।
রিমন বলে, শারীরিক সমস্যা তার লেখাপড়ায় কোনো বাধা হতে পারেনি। শিক্ষক ও বাবা-মায়ের উৎসাহে এ পর্যন্ত এসেছে। পরীক্ষায় পাস করে খুব ভালো লাগছে। লেখাপড়া শেষে চাকরি করতে চায় রিমন।