এগিয়ে আসতে হবে বড় দেশগুলোকেই
রাজনৈতিক সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতার কারণে সম্ভাবনা সত্ত্বেও কার্যকর সহযোগিতা গড়ে ওঠেনি দক্ষিণ এশিয়ার। এ অঞ্চলের সামগ্রিক উন্নয়নের স্বার্থে এগিয়ে আসতে হবে বড় দেশগুলোকেই। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে চতুর্থ দক্ষিণ এশীয় অর্থনৈতিক সম্মেলনের দ্বিতীয় দিনে দক্ষিণ এশিয়ার স্বপ্ন পূরণে রাজনৈতিক চ্যালেঞ্জ বিষয়ে এসব কথা বলা হয়।প্যানেল আলোচনায় ভারতের সাবেক পররাষ্ট্রসচিব মুচকুন্দ দুবে বলেন, গণতন্ত্রের স্বার্থেই জনগণের আন্দোলনকেও গুরুত্ব দিতে হবে। জনগণের আন্দোলনে কী ব্যাপক পরিবর্তন হয়, তার সর্বশেষ উদাহরণ বাংলাদেশের সর্বশেষ নির্বাচন।সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) দুই দিনের এই সম্মেলনের আয়োজন করেছে। সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এ অধিবেশনে সভাপতিত্ব করেন।ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার মুচকুন্দ দুবে বলেন, বাংলাদেশ ও ভারতের একে অন্যকে আপৎকালীন সময়ে সহযোগিতার জন্য একটি বাধ্যতামূলক চুক্তি করা দরকার। চুক্তির আওতায় পরিবেশ বিপর্যয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভে সংকটসহ বিভিন্ন ক্ষেত্রে এক দেশ অন্য দেশকে সহযোগিতা করবে। পাশাপাশি বাংলাদেশের সংকটে ভারতের সহযোগিতার জন্য উদারভাবে এগিয়ে আসা উচিত।তিনি বলেন, ‘দক্ষিণ এশিয়ায় যত সংকটই থাকুক না কেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক শাসন ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই।’প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, ‘এটি সত্যি যে রাজনৈতিক সদিচ্ছা ও আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতা সম্পর্ক উন্নয়নের অন্তরায়। কিন্তু দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটালে সম্পর্কের গুণগত পরিবর্তন ঘটে, এর প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক সুসম্পর্ক। দুই দেশের প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। তাঁরা জেনেবুঝেই এ ঝুঁকি নিয়েছেন। দুই প্রধানমন্ত্রী এটাও জানেন, যেসব সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন, তাঁদের দায়িত্ব পালনকালে এর সব বাস্তবায়িত না-ও হতে পারে।’পাকিস্তানের পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সদস্য আরিফা খালিদ পারভেজ বলেন, কার্যকর সহযোগিতার জন্য জরুরি রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ।সাউথ এশিয়া সেন্টার ফর পলিসি স্টাডিজের (সাসেপস) কো-চেয়ার ও পাকিস্তানের লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্সের সহ-উপাচার্য সৈয়দ বাবর আলী বলেন, যে প্রত্যয়ের মধ্য দিয়ে সার্ক যাত্রা শুরু করেছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। আলোচনায় অংশ নেন মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ইব্রাহিম হোসেন জাকি, নেপালের সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী বেখ বাহাদুর থাপা এবং শ্রীলঙ্কার মার্গ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অশোক গুনাবর্ধনে।