এগিয়ে গেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এগিয়ে গেছে বাংলাদেশ
এগিয়ে গেছে বাংলাদেশ

দেশের মাত্র ৪ শতাংশ মানুষ এখন খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে। দুই যুগ আগেও এ হার প্রায় ৩৫ শতাংশ ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ বাংলাদেশের এ অর্জনকে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে স্বীকৃতি দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর চেয়েও এগিয়ে রয়েছে বাংলাদেশ। ভারতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫০ শতাংশ মানুষ মলমূত্র ত্যাগে খোলা জায়গা ব্যবহার করে। আর পাকিস্তান ও নেপালে এ হার যথাক্রমে ২৩ ও ৪৩ শতাংশ। তবে মালদ্বীপ ও শ্রীলঙ্কায় এ হার শূন্য ও একের কোঠায়।

২০১৩ সালের পানি ও স্যানিটেশন-ব্যবস্থা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত জরিপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। এ কর্মসূচি জয়েন্ট মনিটরিং প্রোগ্রাম (জেএমপি) হিসেবে পরিচিত, যা সবচেয়ে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। প্রতি দুই বছর অন্তর তারা জরিপের ফল প্রকাশ করে।

সর্বশেষ জিএমপি প্রতিবেদনে খোলা জায়গায় মলত্যাগের হার ২৫ শতাংশ বা এর বেশি ছিল, এমন ১৪টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে ভিয়েতনাম, পাকিস্তান অষ্টম আর নেপাল দ্বাদশ। তালিকা তৈরিতে ১৯৯০ থেকে ২০১১ সালের মধ্যে এ দেশগুলোর অগ্রগতি বিবেচনায় নেওয়া হয়।

খোলা জায়গায় মলমূত্র ত্যাগে কেবল পরিবেশেরই ক্ষতি হয় না, এর স্বাস্থ্যগত প্রভাবও ব্যাপক। মলমূত্র পরিবেশে মিশে গিয়ে বাড়ন্ত শিশুদের অসুখ তৈরি করে। প্রভাব ফেলে তাদের বৃদ্ধিতেও। যুক্তরাষ্ট্রের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের রবার্ট চেম্বার্স তাঁর গবেষণায় দেখিয়েছেন, উন্মুক্ত স্থানে মলত্যাগের কারণে শিশুদের খর্বাকৃতির সমস্যা বেড়ে যায়। বয়স অনুযায়ী সঠিক উচ্চতার শিশুরা মুখস্থ বলতে এবং গণিতে খর্বাকৃতির শিশুদের চেয়ে ভালো হয়।

ভারতে পাঁচ বছরের কম বয়সী ৫০ শতাংশের বেশি শিশু এখনো খর্বাকৃতির সমস্যায় ভুগছে। বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপে (২০১১) দেখা গেছে, ২০০৪ সালে বাংলাদেশে এমন শিশুর সংখ্যা ৫১ শতাংশ থাকলেও ২০১১ সালে তা কমে ৪১ শতাংশে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস কমে যাওয়ায় তা শিশুমৃত্যুর হার কমাতেও ভূমিকা রেখেছে। প্রতি হাজারে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার ১৯৯৯ সালে ৯৫ জন হলেও এখন তা ৫৩।
সরকারের স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) স্যানিটেশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান।

ডিপিএইচইর দলিলে দেখা যায়, ১৯৯৯ সালে বেসরকারি সংস্থাগুলোর তত্ত্বাবধানে ‘স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে পরিপূর্ণ স্যানিটেশন (সিএলটিএস) নামের একটি উদ্ভাবনীমূলক পন্থা মলত্যাগের স্বভাব ত্যাগে বড় ভূমিকা রেখেছে। আন্তর্জাতিক সংগঠন ওয়াটারএইডের সহযোগিতায় উদ্ভাবিত এ পন্থায় স্থানীয় মানুষকে স্যানিটেশনের কর্মসূচিতে ব্যাপকভাবে যুক্ত করা হয়। এর সঙ্গে যুক্ত হয় ২০০০ সালে সরকারের ‘সবার জন্য স্যানিটেশন কর্মসূচি’।

তবে এসব কর্মসূচি কিংবা উদ্যোগ থাকলেও এ দেশের মানুষের ভালো কিছু গ্রহণের ক্ষমতাকেই বেশি গুরুত্ব দিতে চায় সরকারি-বেসরকারি নানা মহল। অর্থনীতিবিদ আকবর আলি খান বলেন, কৃষিতে যেমন একের পর এক নতুন প্রযুক্তি গ্রহণ করেছে মানুষ, খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস ত্যাগের মধ্য দিয়েও ভালো কিছু গ্রহণ করার অনন্য উদাহরণ তৈরি হয়েছে। তবে লাগসই প্রযুক্তির প্রসার কু-অভ্যাসটি ত্যাগে বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশে স্বাস্থ্যসম্মত পায়খানা সম্প্রসারণ কর্মসূচির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এসব পায়খানা বিনা মূল্যে কেউ নেয়নি। যারা নিয়েছে তাদের মধ্যে প্রায় ৪০ শতাংশ হতদরিদ্র। ওয়াটারএইডের গবেষণা ব্যবস্থাপক আরশাদ ওপেল মনে করেন, সম্ভ্রম ও আত্মসম্মানবোধ থেকেই মানুষ কু-অভ্যাস ত্যাগ করেছে।