এগিয়ে চলছেন জাকারিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর দৃষ্টিপ্রতিবন্ধী জাকারিয়া হোসাইন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লালমনিরহাট সরকারি কলেজ থেকে বিএসএস (পাস) প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তিনি প্রথম আলো ট্রাস্টের সহায়তায় ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে জাকারিয়া। মায়ের নাম জাহানারা বেগম (৬০)। ২০০৮ সালে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও ২০০৭ সালের ৩১ ডিসেম্বর চোখে উচ্চ রক্তচাপের কারণে হঠাৎ করেই দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। চিকিৎসকেরা তাঁকে ভারতে নেওয়ার পরামর্শ দেন। সহায়সম্বলহীন মা ছেলের দৃষ্টিশক্তি ফিরে পেতে সাহায্যের আশায় অন্যের দ্বারে দ্বারে ধরনা দেন।২০০৮ সালে প্রথম আলোর ‘নারীমঞ্চ’ পাতায় জাকারিয়ার মায়ের আকুতি নিয়ে একটি প্রতিবেদন ‘আমার চোখ দুটো ওর চোখে বসিয়ে দিন’ শিরোনামে প্রকাশিত হয়। এরপর দেশ-বিদেশের পাঠকেরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাঁদের অর্থে ভারতে জাকারিয়ার দুই দফায় চোখে অস্ত্রোপচার হয়। তার পরও দৃষ্টিশক্তি ফিরে আসেনি। কিন্তু তাতে ভেঙে না পড়ে নতুন করে জীবনসংগ্রামে নামেন জাকারিয়া। চিকিৎসার অবশিষ্ট অর্থকে পুঁজি করে হাতে তুলে নেন বই। শুরু করেন ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া। ২০১০ সালে তিনি জিপিএ-৩.৭ পেয়ে এইচএসসি পাস করেন।এরপর অর্থাভাবে আবার তাঁর লেখাপড়া বন্ধের উপক্রম হলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সঙ্গে দেখা করে সহায়তা কামনা করেন। ২০১২ সাল থেকে প্রথম আলো ট্রাস্ট তাঁকে প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকা করে বৃত্তি দিয়ে আসছে। আবারও লেখাপড়াকে আঁকড়ে ধরেন জাকারিয়া। এবার ডিগ্রি (পাস) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন তিনি। লেখাপড়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রথম আলো পরিবারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন জাকারিয়া।