কন্যাশিশুদের নিরাপদে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায় থেকে কন্যাশিশুর প্রতি বৈষম্য ঘোচাতে হবে। দেশের অগ্রগতির জন্য কন্যাশিশুদের এগিয়ে নিতে হবে।
গতকাল সোমবার বগুড়ায় ‘কন্যাশিশুর নিরাপদ পরিবেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ শীর্ষক প্রচারাভিযান অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিরা। ব্র্যাক ও প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুনামগঞ্জেও একই ধরনের অনুষ্ঠানের আয়োজন করে ব্র্যাক ও প্রথম আলো বন্ধুসভা।
বগুড়ার সরকারি বালিকা বিদ্যালয় মাঠে বিকেলে অনুষ্ঠান শুরু হয়। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস-উল-আলম বলেন, ‘স্বপ্নবিহীন মানুষ, হালবিহীন নৌকার মতো। কন্যাশিশুদের আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখতে হবে। কন্যাশিশুদের অধিকার সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।’
স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জয়োৎপলা শুক্লা বলেন, ‘কন্যাশিশুদের সুশিক্ষার পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্যশিক্ষা নিশ্চিত করতে হবে।’
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সামির হোসেন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগের সমন্বয়ক শারদী শবনম, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) প্রকল্প কর্মকর্তা হুসনে নূর রশিদ রূপালী, ব্র্যাকের জেলা প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রি, প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের মেয়ে ফুটবলারদের নিয়ে নির্মিত অদম্য মেয়েরা তথ্যচিত্রটি দেখানো হয়।
সুনামগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বেলা ১১টায় অনুষ্ঠান শুরু হয়। শিশু নির্যাতন বন্ধে কাজ করার শপথ নেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিরা। সুনামগঞ্জ বন্ধুসভার সাহিত্য সম্পাদক রাকিবা ইসলাম ঐশির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ, জেলা মহিলা পরিষদের সহসভাপতি সঞ্চিতা চৌধুরী, ব্র্যাকের জেলা প্রতিনিধি মো. মনিরুজ্জামান, নারীনেত্রী আরতি পাল, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মুন্নী দাস প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন সুনামগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. রাজু আহমেদ।
বক্তারা বলেন, শুধু কন্যাশিশু নয়, ছেলেশিশুরাও আজ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।