তিন বছর আগে আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইশতেহারের নাম দিয়েছিল ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। সেখানে পাঁচ বছরের জন্য দেওয়া ছিল নানা প্রতিশ্রুতি। আর তিন বছরে অর্থনীতির অনেক সূচকেই এগিয়ে গেছে বাংলাদেশ, ভেঙেছে ৬ শতাংশ প্রবৃদ্ধির বৃত্ত, নিয়ন্ত্রণে মূল্যস্ফীতির চাপ।
আবার কিছু ক্ষেত্রে পিছিয়েও গেছে দেশ। যেমন ব্যাংক ও আর্থিক খাত আরও দুর্বল হয়েছে, বেড়েছে খেলাপি ঋণ, বিনিয়োগের স্থবিরতাও তেমন কাটেনি, আস্থার সংকটে উদ্যোক্তারা।
তবে গত তিন বছরে এককথায় দেশের সবচেয়ে বড় সফলতা ছিল নিম্ন-মধ্যম আয়ের দেশ হওয়া। আর সবচেয়ে বড় কেলেঙ্কারি ছিল
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। নিম্ন-মধ্যম আয়ের দেশ হয়ে মর্যাদা যেমন বাড়িয়েছে বাংলাদেশ, তেমনি রিজার্ভ চুরির কারণে ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে অনেকখানি।
বিশ্ব অর্থনীতির মন্দা প্রায় আট বছর ধরেই। ইউরোপের মন্দা কাটার লক্ষণ নেই। যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি শ্লথ। চীনও খানিকটা সমস্যায়। বিশ্ববাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে গেছে। এর মধ্যেও বাংলাদেশ রপ্তানি প্রবৃদ্ধি অল্প হলেও ধরে রেখেছে। তবে কমছে প্রবাসী আয়। আর জ্বালানি তেলের দর কম থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
মূলত, ১৯৯০-এর পর থেকেই দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি অনেকখানি স্থিতিশীল। সরকার বদল হলেও নীতির ধারাবাহিকতা তেমন ক্ষুণ্ন হয়নি। আবার আওয়ামী লীগ সরকারও টানা আট বছর ধরে সরকার চালাচ্ছে। এতে প্রবৃদ্ধিও বেড়েছে ধারাবাহিকভাবে। ফলে বেড়েছে মাথাপিছু আয়, কমেছে দরিদ্র মানুষের হার। এর সুবাদেই ২০১৪ সালে জুলাই মাসে নিম্ন আয়ের দেশ থেকে উত্তরণ ঘটেছে বাংলাদেশের। বিশ্বব্যাংকের বিবেচনায় বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশ। বাংলাদেশের মানুষের মাথাপিছু জাতীয় আয় ১ হাজার ৪৬৫ ডলার। বিশ্ব অর্থনীতির মন্দার প্রেক্ষাপটে বাংলাদেশ এখন দ্রুততর প্রবৃদ্ধি অর্জনকারী দেশের একটি।
প্রায় ১০ বছর ধরেই অর্থনীতিতে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার ছিল গড়ে প্রায় সাড়ে ৬ শতাংশ। অনেক চেষ্টা করেও ৭ শতাংশে নেওয়া যায়নি প্রবৃদ্ধি। ৬ শতাংশের বৃত্ত না ভাঙতে পারার সমালোচনাও ছিল। গত জুনে ২০১৫-১৬ অর্থবছর শেষ হলেও প্রবৃদ্ধির চূড়ান্ত হিসাব পাওয়া গেছে ডিসেম্বরে। বাংলাদেশের প্রবৃদ্ধি এখন ৭ দশমিক ১১ শতাংশ। ইতিহাসে এটাই দেশের দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন।
সরকারের তিন বছরের অর্থনীতির মূল্যায়ন করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিন বছরে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি মিশ্র ছিল। জিডিপি প্রবৃদ্ধি নিঃসন্দেহে বেড়েছে, এটা ভালো। তবে সরকার যে তথ্য-উপাত্ত দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন আছে। আবার মূল্যস্ফীতি পরিস্থিতিও সহনীয় ছিল। কিন্তু মূল্যস্ফীতি পরিস্থিতি সহনীয় রাখতে সরকারের নীতি কতটা কাজ করেছে, তা নিয়েও প্রশ্ন আছে। কেননা, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও পণ্যমূল্য কম থাকায় মূল্যস্ফীতি সহনীয় ছিল। খাদ্য উৎপাদনও ভালো ছিল। তবে সাম্প্রতিক সময়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি কমে যাওয়া এবং প্রবাসী আয়ে ধস-এ দুটি বিষয় অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে মনে করেন মির্জ্জা আজিজ।
এদিকে প্রবৃদ্ধি বাড়লেও বিনিয়োগ নিয়ে প্রশ্ন ছিল উদ্যোক্তাদের মধ্যেও। ব্যাংকগুলো টাকা নিয়ে বসে আছে কয়েক বছর ধরেই। প্রাথমিক জ্বালানির সংকট এখনো কাটেনি। বরং গ্যাসের মূল্যবৃদ্ধি উদ্যোক্তাদের উদ্বেগ বাড়িয়েছে। বিনিয়োগের স্থবিরতায় কর্মসংস্থান কতটুকু হয়েছে-এ নিয়েও রয়েছে নানা সংশয়। যদিও বিনিয়োগের উপযুক্ত স্থিতিশীল পরিবেশ ছিল দুই বছর ধরে। ২০১৫ সালের শুরু থেকে টানা অবরোধের পর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত। হরতাল-অবরোধ আর হয়নি। ২০১৬ সালে গুলশানে জঙ্গি হামলার পরের অনিশ্চিত পরিবেশও কাটিয়ে উঠেছে সরকার। কিন্তু এগিয়ে আসেননি বিনিয়োগকারীরা।
দেশের রাজনৈতিক পরিস্থিতি শান্ত, ঋণের সুদের হার কমেছে, তারপরও কেন বেসরকারি খাতে বিনিয়োগে গতি উল্লেখযোগ্য হারে বাড়ছে না-জানতে চাইলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন সভাপতি আবুল কাশেম খান প্রথম আলোকে বলেন, ‘এটা আমার কাছে রহস্যজনক মনে হয়। সব কটি সূচক এখন ইতিবাচক। প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়েছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আছে, ব্যাংকে বিপুল অর্থ আছে, বৈদেশিক মুদ্রার মজুত যথেষ্ট; দেশে অনেক দিন ধরে হরতাল-অবরোধও নেই। তাহলে কেন বেসরকারি খাতে বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বাড়বে না?’ তিনি বলেন, ‘এটা সত্যিই রহস্য। আমার কাছে কিন্তু এর উত্তর নেই।’
অর্থনীতির অনেক ইতিবাচক সূচকের ভিড়ে কাঁটা হয়ে আছে ব্যাংক ও আর্থিক খাত। রিজার্ভ চুরির পরে পুরো অর্থ আদৌ ফেরত পাওয়া যাবে কি না, তা নিশ্চিত নয়। সরকার তদন্ত করেও প্রতিবেদন প্রকাশ করেনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও দুই ডেপুটি গভর্নরকে সরে যেতে হয়েছে। তিন বছরে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর ভিত্তি আরও দুর্বল হয়েছে। বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে মামলাতেই জড়ানো হয়নি। জনগণের করের টাকায় সরকারি ব্যাংকগুলোতে মূলধন সরবরাহ করতে হচ্ছে। কয়েকটি বেসরকারি ব্যাংকের স্বাস্থ্য নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৪ সালে ব্যাংক খাতের খেলাপি ঋণ ছিল ৫০ হাজার ১৫৬ কোটি টাকা। আর এখন সেই খেলাপি ঋণ বেড়ে হয়েছে প্রায় ৬৬ হাজার কোটি টাকা। অর্থাৎ গড়ে প্রতিবছর খেলাপি ঋণ বেড়েছে ৫ হাজার কোটি টাকার বেশি। এর বাইরে অবলোপন বা রাইট-অফ করা খেলাপি ঋণ আছে আরও ৪২ হাজার কোটি টাকা। এ ছাড়া ২০১৫ সালে বৃহৎ ঋণ পুনর্গঠনের নামে আরও ১৫ হাজার কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিত করা হয়েছে। এর মাধ্যমে মূলত বড় ঋণখেলাপিদের দেওয়া হয়েছে বিশেষ রাষ্ট্রীয় সুবিধা।
সব মিলিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ এ বি মির্জ্জা আজিজুল ইসলামও মনে করেন, গত তিন বছরে আর্থিক খাতে কোনো উন্নতি হয়নি; বরং অবনতি হয়েছে। এ সময়ে যেসব আর্থিক জালিয়াতির ঘটনা ঘটেছে, এর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
আট বছর ধরেই সরকারের ব্যয় বেড়েছে। নিজের অর্থে পদ্মা সেতু করাসহ নানা ধরনের বড় প্রকল্প, সরকারি খাতের বেতন-ভাতা বৃদ্ধি এবং বাজেটের মাধ্যমে সরকারের নেওয়া ঋণের সুদ পরিশোধ করার চাপে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রতি অর্থবছরেই বাজেটের ব্যয় বাড়িয়েছেন। ব্যয়ের ধাক্কা সামাল দিতে আয় বাড়ানোর দিকেও মনোযোগ দিতে হয়েছে। ফলে প্রতিবছরই করের আওতা বাড়ানোর চাপ ছিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওপর। রাজস্ব আয়ের উচ্চাভিলাষের কারণে এতে যাঁরা নিয়মিত কর দেন, তাঁদের ওপর করের বোঝা পড়েছে বেশি, যাঁরা ফাঁকি দেন তাঁরা ছিলেন আগের মতোই। উদ্যোক্তাদের অভিযোগ, দুর্নীতির কারণে দেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনার খরচও এখন অনেক বেশি বেড়ে গেছে। সব মিলিয়ে ব্যাংকের সৎ ঋণগ্রহীতা থেকে শুরু করে সৎ করদাতা-কেউই বিশেষ কোনো পুরস্কার পাননি।
ফলে ২০১৪ সালের নির্বাচনী ইশতেহারের সবশেষে ‘দুর্নীতি, দুর্বৃত্তায়নের ধারা থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে’ বলা হলেও তার লক্ষণ নেই বলেই মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।