সিলেট বিভাগের চার জেলার ৩৮ উপজেলার মধ্যে ৩৬ উপজেলায় অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে ১৮ উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী, ১৫ উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থী, দুই উপজেলায় জামায়াত-সমর্থিত প্রার্থী ও একটি উপজেলায় স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বাকি দুই উপজেলায় উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন স্থগিত রয়েছে। আর ২৬ উপজেলায় নতুন মুখের প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
২০০৯ সালের উপজেলা নির্বাচনে বিভাগের ৩৬ উপজেলার মধ্যে ২১ উপজেলায় আওয়ামী লীগ, আট উপজেলায় বিএনপি, তিন উপজেলায় জামায়াত, এক উপজেলায় জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী এবং তিন উপজেলায় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জয়ী হন। এবারের নির্বাচনে আওয়ামী লীগের তিনটি চেয়ারম্যান পদ কমেছে। বিএনপির সাতটি চেয়ারম্যান পদ বেড়েছে। অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াত ও জাতীয় পার্টির একটি করে চেয়ারম্যান পদ কমেছে।
সিলেট বিভাগীয় নির্বাচন কার্যালয় থেকে পাওয়া ফলাফল অনুযায়ী, এবার মৌলভীবাজারের সাত উপজেলার ছয়টিতে আওয়ামী লীগ, একটিতে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন। ২০০৯ সালেও একই ফলাফল ছিল। হবিগঞ্জের আট উপজেলার মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। ২০০৯ সালে ছয়টিতে আওয়ামী লীগ ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হন। সুনামগঞ্জের ১১ উপজেলার মধ্যে জগন্নাথপুর উপজেলায় নির্বাচন হয়নি। অন্য ১০টির মধ্যে সাতটিতে বিএনপি ও তিনটিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী হন। ২০০৯ সালে পাঁচটিতে বিএনপি, তিনটিতে আওয়ামী লীগ এবং জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী একটি করে উপজেলায় জয়ী হন।
সিলেটের ১২ উপজেলার মধ্যে ফেঞ্চুগঞ্জে নির্বাচন হয়নি। অন্য ১১টির মধ্যে পাঁচটিতে বিএনপি, চারটিতে আওয়ামী লীগ ও দুটিতে জামায়াতের প্রার্থীরা জিতেছেন। ২০০৯ সালে ছয়টিতে আওয়ামী লীগ, দুটিতে বিএনপি, দুটিতে জামায়াত ও একটিতে জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থীরা জয়ী হন।
আলোচিত যেসব প্রার্থী হারলেন: গত উপজেলা নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই নানা কারণে আলোচিত ও সমালোচিত ছিলেন আওয়ামী লীগ-সমর্থিত ধরমপাশা উপজেলা চেয়ারম্যান আবদুল আউয়াল, শাল্লা উপজেলা চেয়ারম্যান অবনীমোহন দাস, মৌলভীবাজারের রাজনগর উপজেলা চেয়ারম্যান মিছবাহুর রেজা। নির্বাচনে দলীয় সমর্থন না পেয়ে তাঁরা ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। আওয়ামী লীগের প্রভাবশালী ওই তিন নেতার অবৈধ প্রভাব বিস্তারের কারণেই পরাজয় ঘটেছে বলে তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকেরা জানিয়েছেন।
২০০৯ সালের চেয়ে এবার ফলাফল খারাপ হওয়ার বিষয়ে জানতে চাইলে সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে জানান, যেখানে আওয়ামী লীগের একাধিক প্রার্থী ছিল, সেখানেই হেরেছে। এ ছাড়া দল-সমর্থিত প্রার্থীদের প্রাপ্ত ভোট হিসাব করে দেখা গেছে, আওয়ামী লীগ এবার ভোট বেশি পেয়েছে। এ অবস্থায় দলের জনপ্রিয়তা বেড়েছে বলে প্রতীয়মান হয়েছে।
তবে সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি দিলদার হোসেন জানান, ভোট ডাকাতি ও আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ না হলে সিলেট বিভাগে সব কটিতেই বিএনপির প্রার্থীরা জয়ী হতেন।