দিনের আলোতেও ভালো দেখতে পায় না জয়নব খাতুন। রাতে তো একেবারেই না। স্কুলে শিক্ষকেরা তাকে এমন জায়গায় বসাতেন, যেখানে আলো বেশি। ব্ল্যাকবোর্ডের লেখা বুঝিয়ে দিতেন। রংপুরের গঙ্গাচড়ার পাকুড়িয়া শরীফ উচ্চবিদ্যালয়ের শিক্ষকদের সেই চেষ্টা বিফলে যায়নি। এ বছর দেশে প্রথমবারের মতো যে চারজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, জয়নব তাদের একজন।এ ছাড়া চট্টগ্রাম পুলিশ লাইন স্কুলের তৌফাতুর রাব্বী, লালমনিরহাটের আদিতমারী উপজেলার সমন্বিত স্কুল সাপ্টিবাড়ি উচ্চবিদ্যালয়ের আবদুর রাজ্জাক ও লক্ষ্মীপুরের দালালবাজার এন কে উচ্চবিদ্যালয়ের এসহাক শাহীন জিপিএ-৫ পেয়েছে।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর ও ‘সাইট সেভারস’-এর সমন্বিত অন্ধ শিক্ষা শক্তিশালীকরণ প্রকল্পের কর্মকর্তা সাইফুল ইসলাম খান প্রথম আলোকে জানান, এ বছর মোট ৩৯ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে ১৯টি স্কুল থেকে মোট ৩৬ জন পাস করেছে, যাদের ২৬ জন ছেলে ও ১০ জন মেয়ে। জিপিএ-৫ পেয়েছে চারজন শিক্ষার্থী। ওই ১৯টি স্কুলের মধ্যে সমন্বিত শিক্ষা কার্যক্রমের আওতায় পরিচালিত ১৬টি স্কুলের ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭ জন। জিপিএ-৫ পাওয়া চারজনের দুজন সমন্বিত স্কুলের।জয়নব টেলিফোনে প্রথম আলোকে জানায়, অন্যান্য স্বাভাবিক শিশুর মতোই ছোটবেলায় সে চোখে দেখতে পেত। কিন্তু আস্তে আস্তে বংশগত কারণে সে চোখে কম দেখা শুরু করে। কয়েক বছর পর সে আর কিছুই দেখতে পাবে না। জয়নবের বাবা একজন পান ব্যবসায়ী, মা গৃহিণী। ভাইবোন আটজন। জয়নবের দুই ভাইও দৃষ্টিপ্রতিবন্ধী।সমাজসেবা অধিদপ্তর দেশের ৬৪টি জেলায় একটি করে স্কুলে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য সমন্বিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। প্রতিটি স্কুলে ১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পড়ার সুযোগ পায়। ৬৪টি স্কুলের মধ্যে এখন পর্যন্ত ২৮টিতে দৃষ্টিপ্রতিবন্ধী ছেলেদের জন্য শুধু আবাসিক সুবিধা আছে। এ ছাড়া সমাজসেবা অধিদপ্তর পাঁচটি বিভাগে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আরও পাঁচটি বিশেষ স্কুল পরিচালনা করছে।সাইফুল ইসলাম খান বলেন, ৩৯টি সমন্বিত স্কুলে রিসোর্স শিক্ষকের পদ শূন্য। ২৮টি স্কুলের কার্যক্রম প্রায় বন্ধ।লক্ষ্মীপুরের সমন্বিত অন্ধ শিক্ষা কার্যক্রমের আওতায় দালালবাজার এন কে উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা এসহাক শাহীনের ভালো ফলাফলের প্রত্যাশাই করেছিলেন। শাহীন পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষাসহ বরাবরই ভালো ফল করেছে। এ স্কুলের রিসোর্স শিক্ষক মো. বোরহান উদ্দিন ভূইয়া বলেন, শাহীন প্রমাণ করেছে, প্রতিবন্ধিতা বাধা নয়; দৃঢ় সংকল্প ও প্রচেষ্টা থাকলে একজন প্রতিবন্ধী শিক্ষার্থীও ভালো ফল করতে পারে।পাঁচ ভাই ও এক বোনের মধ্যে শাহীনের আরও দুই ভাই দৃষ্টিপ্রতিবন্ধী। তার স্কুলের ‘হাউস পেরেন্ট’ ও শিক্ষক বশির আহমেদ ভূঁইয়া বলেন, দৃষ্টিপ্রতিবন্ধীদের বিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ নেই। ব্রেইল বইয়ের স্বল্পতা থাকে সব সময়। ফলে তাদের বই ভাগাভাগি করে পড়তে হয়। ব্রেইলে ব্যাকরণ বই পাওয়া যায় না। গণিতের পুরো বই নেই ব্রেইলে। ফলে তারা গণিতে কম নম্বর পায়। বইয়ের যেসব অধ্যায় নতুন সংযোজন হয়, তা-ও ব্রেইলে পাওয়া যায় না। ফলে এ অধ্যায়গুলো রেকর্ড করে পড়াতে হয়।সাপ্টিবাড়ি উচ্চবিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া দৃষ্টিপ্রতিবন্ধী আবদুর রাজ্জাকের বাবা একজন কৃষক। রাজ্জাকের ইচ্ছা, ঢাকায় ভালো কোনো প্রতিষ্ঠানে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া।চট্টগ্রামের তৌফাতুর রাব্বী ভর্তি হওয়ার জন্য অনেক বিদ্যালয়ে ঘুরেছে। শেষে তৎকালীন মহানগর পুলিশ কমিশনার আলী আকবরের সুপারিশে রাব্বী পুলিশ ইনস্টিটিউট স্কুলের নবম শ্রেণীতে ভর্তির সুযোগ পায়। জিপিএ-৫ পাওয়া রাব্বী এখন স্বপ্ন দেখছে উচ্চশিক্ষার। সরকারের পাশাপাশি এসব অদম্য মেধাবীর পাশে বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিমত।