এগিয়ে যাওয়ার কিছু টুকরো গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিডরে বিধ্বস্ত বরগুনার আমতলী উপজেলার ঘটকালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম আলো  ত্রাণ তহবিল থেকে নির্মিত মিলনায়তন। এর ভেতরে রয়েছে একটি গ্রন্থাগার (ডানে) l ছবি: প্রথম আলো
সিডরে বিধ্বস্ত বরগুনার আমতলী উপজেলার ঘটকালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম আলো ত্রাণ তহবিল থেকে নির্মিত মিলনায়তন। এর ভেতরে রয়েছে একটি গ্রন্থাগার (ডানে) l ছবি: প্রথম আলো

সিডর বিধ্বস্ত করে দিয়েছিল বিদ্যালয়টাকে। সেখানে একটি ভবন করে দেয় প্রথম আলো ত্রাণ তহবিল। সেই ভবন এখন ‘প্রথম আলো মিলনায়তন’। সভা-সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সবই হয়। আবার ভবনে থাকা গ্রন্থাগারে আছে দরকারি সব বই। পড়ে উপকৃত হচ্ছে শিক্ষার্থীরা।

নবম শ্রেণির শিক্ষার্থী মো. রাসেল বলল, ‘আমরা এই ভবনে বিভিন্ন অনুষ্ঠান করতে পারছি। আবার বিরতির সময় গ্রন্থাগারে বই পড়তে পারছি। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ। কারণ, প্রত্যন্ত এলাকার অনেক বিদ্যালয়েই এত বড় মিলনায়তন ও গ্রন্থাগার নেই।’

এই বিদ্যালয়ের নাম ঘটখালী মাধ্যমিক বিদ্যালয়। সিডরে বরগুনার আমতলী উপজেলার এ শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক ভবনসহ অবকাঠামোগত ব্যাপক ক্ষতি হয়েছিল। প্রথম আলোর ত্রাণ তহবিলথেকে বিদ্যালয়ে একটি ভবন করে। পাঠদানের জন্য ভবনে দেওয়া হয় ১০টি বেঞ্চ। আর ভবনে গ্রন্থাগারের কার্যক্রম চালাতে দুটি স্টিলের বড় আলমিরা ও বিভিন্ন লেখকের ৩০০টি বই দেওয়া হয়। বর্তমানে ভবনটিকে প্রথম আলো মিলনায়তন হিসেবে ব্যবহার করা হচ্ছে।

প্রধান শিক্ষক মো. আবুল কাশেম বলেন, ‘প্রথম আলো আমাদের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিল। সেটি অনেক বড় সহায়তা ছিল। ওই মিলনায়তনে আমরা সভা-সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান করতে পারছি। বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষাও হয় এখানে। আবার শিক্ষার্থীরা অবসর সময়টা গ্রন্থাগারে বই পড়ে কাটায়। ফলে তাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠছে।’

 যেমন আছে সেই ১১ প্রতিবন্ধী

শারীরিক প্রতিবন্ধী মো. লিটনের বসতভিটাও গুঁড়িয়ে দেয় সিডর। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কী করবেন ভেবে পাচ্ছিলেন না। সেই লিটন এখন বরগুনা শহরের টাউনহল এলাকায় খাবারের হোটেল চালিয়ে বেশ ভালো আছেন। বললেন, ‘প্রথম আলো তখন আমাকে মুদি দোকান করতে সহায়তা দিয়েছিল। সেই পুঁজি দিয়ে ধীরে ধীরে আমি আজ এখানে আসতে পেরেছি।’

আরেক প্রতিবন্ধী বিশ্ব কর্মকার সিডরে তাঁর মুদি দোকান হারান। প্রথম আলো তাঁকে দোকান করতে সহায়তা দেয়। বরগুনা শহরের আদর্শ বালিকা বিদ্যালয়ের পাশে সেই দোকানের পরিসর এখন অনেক বেড়েছে। পরিবারের দৈন্য মুছে তিনিও সচ্ছল।

সিডরে ক্ষতিগ্রস্ত বরগুনার আরও এমন নয়জন প্রতিবন্ধীকে প্রথম আলোর পুনর্বাসন কর্মসূচিতে আনা হয়। তাঁরা সামান্য সেই পুঁজি দিয়ে পরিশ্রম করে সচ্ছলতা আনতে সক্ষম হয়েছেন।

 আরিফ-আমেনার এগিয়ে চলা

সিডরের জলোচ্ছ্বাস মা জোসনা বেগমকে ভাসিয়ে নিল। সাগরে ট্রলার নিয়ে মাছ ধরতে যাওয়া বাবাও ফিরলেন না। তখন আরিফ হোসেনের বয়স ১১; বোন আমেনা বেগমের ৭। চার দিন পর মায়ের লাশ মিলল। বাবা আজও নিখোঁজ। বাবা-মা দুজনকেই হারানো শিশু দুটিকে বরগুনা সদর উপজেলার মাঝেরচরে পাওয়া যায় সিডরের এক সপ্তাহ পরে। ঘরের ভাঙাচোরা অংশ আর পলিথিন দিয়ে তৈরি খুপরিতে ছিল তারা।

প্রথম আলো ওদের প্রাথমিক খাদ্যসহায়তা দেয়। এরপর দুই শিশুর ভবিষ্যতের জন্য দেওয়া হয় ৫০ হাজার টাকা। ব্যাংকে তাদের নামে স্থায়ী আমানত রাখা হয়। সেই আরিফ এখন বিবিএ চূড়ান্ত বর্ষের ছাত্র। আর আমেনা একটি বেসরকারি সংস্থার সহায়তায় প্যারামেডিকেলে পড়ছেন।

আরিফ বলেন, ‘সিডরে বাবা-মা ও মাথা গোঁজার ঠাঁই হারিয়ে আমাদের জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল। জীবনের চরম দুঃসময়ে প্রথম আলো আমাদের পাশে দাঁড়িয়েছিল। সেটাই ছিল আমাদের এ পর্যন্ত আসার একমাত্র অবলম্বন।’