
সংসারে অভাব থাকায় পড়ালেখা বাদ দিয়ে চাকরি নিয়েছিল দীপ তালুকদার। তার মামা তাকে সেখান থেকে ধরে এনে আবার বিদ্যালয়ে ভর্তি করেন। অভাব ও কষ্টের মধ্যে থেকেও পড়াশোনা চালিয়ে গেছে সে। শামীম রেজা কৃষি শ্রমিক ও তার বোন মারুফা খাতুন কাপড় সেলাই করে বাবা-মাকে সংসার চালাতে সহায়তা করেছে। এ রকম দুঃখ ও দুর্দশার মধ্যে থেকেও ওরা এসএসসি পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছে। ওরা ওদের দুঃখভরা জীবনে পেয়েছে এগিয়ে চলার দিশা। আজ শুনব এই তিন কৃতী শিক্ষার্থীর গল্প:
দমেনি দীপ: দীপ তালুকদারের বাবা অরুণ তালুকদার৷ সবজি বিক্রি করে যা আয় করেন, তা দিয়ে সংসার চলে না৷ চার সন্তানের লেখাপড়ার খরচ চালানোর সাধ্য ছিল না তাঁর। সংসারে অভাব থাকায় নবম শ্রেণিতে উঠে লেখাপড়া ছেড়ে ৩০০ টাকা বেতনে দোকানে চাকরি নেয় দীপ। ছয় মাস পর তার এক মামা তাকে সেখান থেকে এনে আবার বিদ্যালয়ে ভর্তি করে দেন। শিক্ষকেরা লেখাপড়ার খরচ চালান। সে এবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আনোয়ারপুর উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল তালুকদার বলেন, ‘ছেলেটা খুব মেধাবী। আমাদের স্কুল থেকে মাত্র দুজন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সে একজন।’
চিকিৎসক হতে চায় ওরা: আবদুল মান্নানের অভাবের সংসার। সম্পত্তির মধ্যে আছে পৈতৃক সূত্রে পাওয়া ১৫ শতক জমির ওপর একটি টিনের ভাঙা ছাপরাঘর। তিনি তাঁতশ্রমিক হিসেবে কাজ করেন। তাঁর স্ত্রী সাজেদা খাতুন কাপড় সেলাইয়ের কাজ করেন। তাঁদের এক ছেলে ও তিন মেয়ে। বড় ছেলে শামীম রেজা ও বড় মেয়ে মারুফা খাতুন। মান্নান ও সাজেদা কাজ করে যা আয় করেন, তা দিয়ে সংসার চলে না। এ জন্য শামীম ও মারুফা মা-বাবাকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কাজ করেছে৷ কাজের ফাঁকে ফাঁকে তারা পড়াশোনা করেছে৷ ওরা এবার বগুড়ার ধুনট উপজেলার খাটিয়ামারি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। ওদের বাড়ি খাটিয়ামারি গ্রামে। মারুফা খাতুন বলে, ‘আমরা দুই ভাইবোন ডাক্তার হতে চাই।’
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন খলিল রহমান, সুনামগঞ্জ; মাসুদ রানা, ধুনট (বগুড়া) প্রতিনিধি]