বাবা জামিরুল ইসলাম দিনমজুর। অভাবের কারণে মাঝেমধ্যে ছেলেকে নিয়ে যান অন্যের খেতে কাজ করতে। তার পরও হাল ছাড়েনি রাসেল হুসাইন (১৬)। কাজের পাশাপাশি পড়ালেখা করে এবারের এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। রাসেল হুসাইনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাটাডাঙ্গা গ্রামে।জামিরুল ইসলাম জানান, উপজেলার চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল রাসেল। মাসে তার পড়ালেখার জন্য এক হাজার টাকা ব্যয় হয়েছে, যা তাঁর পক্ষে সব সময় জোগাড় করা সম্ভব হয়নি। তাই অনেক ঋণ করতে হয়েছে। এখন কলেজে ভর্তি হলে খরচ আরও বাড়বে; যে কারণে তিনি সারাক্ষণ চিন্তায় আছেন। রাসেল জানায়, টাকার কারণে ভালো কলেজে ভর্তি হতে না পারলেও স্থানীয় মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজে ভর্তি হবে; যেভাবেই হোক পড়ালেখা চালিয়ে যাবে। ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। কুটিরশিল্পে কাজের ফাঁকে ফাঁকে পড়ালেখা করে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে যশোরের কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের আল আমিন। বাবা-মা ও তিন ভাইয়ের সংসার।বাবা আমজেদ সরদার কুটিরশিল্পে কাজ করেন। কাঠ খোদাই করে ফুলদানি, মোমদানিসহ সুন্দর শোপিস তৈরি করেন। অভাব তাঁদের নিত্যসঙ্গী। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতিটি শ্রেণীতেই প্রথম হয়েছিল আল আমিন। আলতাপোল জুনিয়র স্কুলের মানবিক বিভাগের ছাত্র ছিল। আল আমিনের মা ফাতেমা বেগম বলেন, ‘ছেলেকে ঠিকমতো খাওয়াতেও পারিনি। একদিন না খেয়ে ক্লাস করতে গিয়ে মাঠে মাথা ঘুরে পড়ে গেলে বিদ্যালয়ের শিক্ষকেরা কেক-বিস্কুট খাইয়ে ছেলেকে বাড়িতে দিয়ে যান।’আলতাপোল জুনিয়র স্কুলের শিক্ষক আবদুস সাত্তার বলেন, ‘অভাবী পরিবারের সন্তান হলেও সে কখনো আমাদের কাছে কিছুই চায়নি। আমরা তার পড়ার জন্য বই জোগাড় করে দিয়েছি।’