দশম শ্রেণীতে পড়ার সময় জাহাঙ্গীরের বাবা ইদরিস আলী খুন হন। মা আর চার ভাইবোনের অভাবের সংসারের হাল ধরেন বড় ভাই জান্টু আলম। তখন তিনি একাদশ শ্রেণীর ছাত্র। পড়ালেখার পাশাপাশি নছিমন চালানো শুরু করেন। সংসারে অভাব-অনটন মেটাতে জাহাঙ্গীরও পড়ালেখার পাশাপাশি নছিমন চালানো শুরু করে। এমন প্রতিকূল অবস্থায় থেকেও নাটোরের গুরুদাসপুর উপজেলার ধানুয়া উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে। জাহাঙ্গীর বলে, ‘বাবার হত্যাকারীদের বিচার পাইনি। তাই ইচ্ছা, ভবিষ্যতে আইন বিষয়ে পড়ালেখা করব।’ মা জাহানারা বেগম বলেন, ‘শত কষ্টের মাঝেও লেখাপড়া শিখিয়ে ছেলেমেয়েদের মানুষ করতে চাই।’কুঁড়েঘরে বাবা-মা ও ছোট বোনকে নিয়ে মনিরুজ্জামানের সংসার। বাবা ইসলাম আলী পেশায় দিনমজুর। বাড়ি পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বেজপাড়ায়। খেয়ে না-খেয়ে দিন কাটলেও পড়াশোনায় আগ্রহ হারায়নি মনিরুজ্জামান। উপজেলার মথুরাপুর সেন্ট রীটাস্ হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে সে। নিজের লেখাপড়ার খরচ ও সংসার চালাতে তাকেও দিনমজুরের কাজ করতে হয়েছে। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখছে সে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা বিবেরু বলেন, ছেলেটি মেধাবী। সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও ভালো করতে পারবে।