খুলনার ফুলতলা-জামিরা সড়ক ধরে সাত কিলোমিটার গেলে ধোপাখোলা গ্রাম। গ্রামের দাসপাড়ায় বাঁশের ভাঙা বেড়ার একটি ঝুপড়ি ঘর। বাবা-মা আর দুই ভাইয়ের অভাবের সংসার। এমন অভাবে থেকেও প্রাইভেট পড়িয়ে নিজের পড়ালেখার খরচ চালিয়েছে তপন কুমার দাস। খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের বিপিজিডি মাধ্যমিক বিদ্যালয় থেকে সে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে।বাবা পঞ্চানন দাস বাঁশের ঝুড়ি বোনেন আর বড় ভাই দিনমজুরের কাজ করে কলেজে পড়ার খরচ চালান। তপন বলে, ‘অভাবের কারণে অষ্টম শ্রেণীতে পড়ার সময় লেখাপাড়া বন্ধ হয়ে যায়। পরে প্রাইভেট পড়িয়ে আবার পড়া শুরু করি।’ তপনের মা শুশিলা দাস বলেন, ‘ছেলেগে পড়ার জন্নি আমি বিলি যায়ে কিষেন দি। এখন যদি আপনারা যদি এট্টু দ্যাকেন, তালি তপন মানুষ হতি পারবেনে।’সহপাঠীরা যখন ফলাফল জানার জন্য ছোটাছুটি করছে, তখনো বাবার সঙ্গে কাঠমিস্ত্রির কাজ করছিল কমলেশ বালা। দুপুর একটায় সহপাঠীদের কাছে জানতে পায় তার সাফল্যের কথা। খবর শুনে আনন্দে কেঁদে ফেলেন বাবা। বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইছাগুড়ি বাকাই গ্রামের কাঠমিস্ত্রি কেশব বালার ছেলে কমলেশ। নিজের বলতে কোনো জায়গাজমি নেই। চারজনের অভাবের সংসার। বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে বাবার সঙ্গে মিস্ত্রির কাজ করার ফাঁকে ক্লাস করত কমলেশ। ভবিষ্যতে প্রকৌশলী হওয়ার ও ছোট ভাইকে পড়ালেখা করানোর ইচ্ছে তার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল চন্দ্র দাস জানান, কমলেশ পেশায় কাঠমিস্ত্রি। ছোটবেলা থেকেই সে অনেক মেধাবী। প্রাথমিক ও জুনিয়র বৃত্তিও পেয়েছিল সে।