এগিয়ে যাওয়ার প্রেরণা তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাধীনতা পদক পাওয়ায় জাতীয় অধ্যাপক এম আর খানকে  গতকাল রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎ​সকেরা   সংবর্ধনা দেন l ছবি: প্রথম আলো
স্বাধীনতা পদক পাওয়ায় জাতীয় অধ্যাপক এম আর খানকে গতকাল রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে চিকিৎ​সকেরা সংবর্ধনা দেন l ছবি: প্রথম আলো

এম আর খান আমাদের শুধু চিকিৎসাবিদ্যাই শেখাননি, তিনি শিখিয়েছেন কীভাবে ভালো মানুষ হওয়া যায়। এখনো প্রতিদিন আমরা তাঁর কাছে এলে কিছু না কিছু শিখি। আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা তিনি। এই বয়সেও তিনি কাজ করে যাচ্ছেন তরুণদের মতো।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল মিলনায়তনে জাতীয় অধ্যাপক শিশুবিশেষজ্ঞ এম আর খানের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তাঁর স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনলজি ফোরাম ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের আয়োজক ও উপস্থিত প্রায় সবাই এম আর খানের ছাত্র।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এম আর খান কেবল আমাদের শিক্ষকই নন, পরম অভিভাবকও। তাঁর কাছে শিখেছি কীভাবে চিকিৎসকের পাশাপাশি ভালো মানুষ হওয়া যায়। তিনি কখনো কোনো রোগীকে ফেরত পাঠাননি। হাসিমুখে সবার সেবা করে গেছেন। তিনি বাংলাদেশের শিশু চিকিৎসার অগ্রপথিক। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এম আর খান শিক্ষার্থীদের সঙ্গে নানা স্মৃতিচারণ করেন। তিনি উপস্থিত সবাইকে চিকিৎসাসেবার পাশাপাশি সমাজসেবায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘একটি কথা আমি সব সময় বলি, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগকে দমন করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আপনার মাধ্যমে কারও যেন ক্ষতি না হয় সেটি খেয়াল রাখবেন। আমি আশা করি এভাবে আপনাদের মধ্য থেকে অনেকে এমন পুরস্কার বা এর চেয়ে বড় পুরস্কার পাবেন।’
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক এ কে আজাদ চৌধুরী, বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনলজি ফোরামের সভাপতি আবিদ হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আল আমিন মৃধা, বারডেমের মহাপরিচালক নাজমুন নাহার, শিশু বিশেষজ্ঞ এফ এইচ নাজির, হামিদুর রহমান, রুহুল আমিন, এম আর খানের মেয়ে ম্যান্ডি করিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পুরস্কার পাওয়া উপলক্ষে কেক কাটা হয় ও শেষে এম আর খানের সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।