এগিয়ে যাওয়ার সাহস দিলেন পাঠকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম আলোর পাঠক উৎ​সবের শুরুতে নৃত্য পরিবেশন করেন শর্মিলা বন্দে্যাপাধ্যায় ও তাঁর দল নৃত্যনন্দন l ছবি: প্রথম আলো
বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রথম আলোর পাঠক উৎ​সবের শুরুতে নৃত্য পরিবেশন করেন শর্মিলা বন্দে্যাপাধ্যায় ও তাঁর দল নৃত্যনন্দন l ছবি: প্রথম আলো

পাঠককে ধন্যবাদ জানানোর জন্য আয়োজন। প্রথম আলোকে নিরাশ করেননি পাঠকেরাও। শক্তি জোগালেন, সাহস দিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দিলেন। পাঠককেও আশ্বস্ত করা হয়েছে, কোনো চাপের মুখেই মাথা নত করবে না প্রথম আলো। সৎ ও নিরপেক্ষ সাংবাদিকতা করে যাবে।
৫৫ লাখ পাঠকই প্রথম আলোর শক্তি। এই পাঠকদের জন্য গতকাল শুক্রবার বাংলা একাডেমি চত্বরে প্রথম আলোর পক্ষ থেকে আয়োজন করা হয় পাঠক উৎসব, ‘সতেরোয় স্বাগতম’। বেলা তিনটায় পাঠকের মুখোমুখি হন প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানেরা। শুরুতেই সম্পাদক আগত পাঠকদের স্বাগত জানিয়ে বলেন, ‘সব পাঠকের জন্যই যাতে কিছু না কিছু থাকে, সেভাবে কাগজটি বের করার চেষ্টা করি। এ জন্যই আপনারা এই কাগজকে ভালোবাসেন। আপনাদের সহযোগিতায় প্রথম আলো শত বছর টিকে থাকবে।’
পাঠকেরাও জানিয়েছেন, সকালে তাঁদের ঘুম ভাঙে প্রথম আলোর প্রতীক্ষায়। নিজেদের পরিবারের অংশ মেনে কেউ প্রশ্ন করেছেন, কেউ করেছেন আবদার। কেউ দিয়েছেন পরামর্শ। প্রতিটি জিজ্ঞাসা ও এর উত্তর সাদরে গ্রহণ করা হয় হর্ষধ্বনির মাধ্যমে। এক ঘণ্টার প্রশ্নোত্তর পর্বেও যেন মন ভরছিল না পাঠকের। তাই অনেককে শেষ পর্যন্ত হাত তুলে যেতে দেখা গেছে প্রশ্ন করার জন্য। পাঠকের মুখোমুখি অনুষ্ঠান পরিচালনা করেন সহযোগী সম্পাদক আনিসুল হক।
সাবেক মন্ত্রী জি এম কাদের প্রশ্ন করেন, প্রথম আলো তো মানুষের প্রত্যাশিত কাগজ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। যুগ যুগ তা ধরে রাখার উপায় কী?
জবাবে সম্পাদক মতিউর রহমান বলেন, ‘সৎ, নিরপেক্ষ ও সুসাংবাদিকতাই হচ্ছে মূল লক্ষ্য। এর মাধ্যমেই প্রথম আলো পাঠকপ্রিয়তা পেয়েছে, অর্জন করেছে মানুষের ভালোবাসা। সাহসের সঙ্গে সেই সৎ সাংবাদিকতা করে যাব। কোনো চাপের কাছেই মাথা নত করব না। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মানবিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাব। পাঠকপ্রিয়তা ও পাঠকদের ভালোবাসা প্রমাণ করে, প্রথম আলো সঠিক পথেই আছে।’
প্রকৌশলী জিকরুল হাসান বলেন, সকালে কাগজটি পড়তে না পারলে গাড়িতে নিয়ে বের হন। কিন্তু এর জন্য তাঁর মেয়ে ও স্ত্রী ফোন দিয়ে ঝগড়া করেন। কারণ, প্রথম আলোতে তাঁদের জন্যও কিছু না কিছু থাকে। তিনি প্রশ্ন করেন, পত্রিকায় প্রকৌশলীদের শুধু দোষ খোঁজা হয় কেন?
আনিসুল হক বলেন, প্রকৌশলীদের দোষ নয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার কথাই আসে।
শিক্ষার্থী সাব্বির আহমেদ প্রশ্ন করেন, কোনো ঘটনার পেছনে কেন লাগাতার লেগে থাকা হয় না? জবাবে পরামর্শক সম্পাদক কামাল আহমেদ বলেন, র্যাবের গুলিতে পা হারানো লিমন এবং পুলিশের নির্যাতনের শিকার আবদুল কাদেরের ঘটনায় প্রথম আলো লাগাতার সংবাদ প্রকাশ করেছে। এমন অনেক উদাহরণ আছে। তবে সব সময় তা হয়ে ওঠে না। কারণ, প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটছে। এরপরও চাঞ্চল্যকর ঘটনার পেছনে লেগে থাকা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল মাহমুদ জানতে চান, পাবলিক পরীক্ষার ছবি প্রকাশের ক্ষেত্রে শুধু মেয়েদের কেন বেছে নেওয়া হয়। তিনি বলেন, ‘ছেলেরাও ভালো ফল করছে, সংখ্যায়ও কম নয়। তাহলে আমাদের চেহারা কি খারাপ? কেন এই বৈষম্য। ছবি ছাপাতে প্রয়োজনে মেকআপ করে আসব।’ এ সময় উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে যায়। শাকিল নিজেও হাসিতে ফেটে পড়েন।
সহযোগী সম্পাদক আবদুল কাইয়ুম বলেন, এটা কোনো বৈষম্য নয়। বরং মেয়েরা দীর্ঘদিন পিছিয়ে ছিল। তারা যাতে এগিয়ে আসে, সে জন্যই তাদের ছবি ছাপা হয়। কারণ, মেয়েরা এগিয়ে না এলে দেশ এগোবে না। এখন পাসের হার, অংশগ্রহণ ও ফলাফলে মেয়েরা এগিয়ে আসছে।
ব্যাংক কর্মকর্তা মাইসুম মালিহার খেদ, অধুনা পাতার এক লেখায় নারী সারা দিন কীভাবে ঘর সামলাবেন, সেই পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এতে স্বামীর কী ভূমিকা থাকা উচিত, তা নেই কেন? জবাবে ফিচার সম্পাদক সুমনা শারমীন বলেন, নির্দিষ্ট ওই লেখায় হয়তো স্বামীর ভূমিকা উল্লেখ করা হয়নি। কিন্তু আলাদাভাবে স্বামীর ভূমিকা নিয়ে লেখা ও বিশেষজ্ঞ মতামত ছাপা হয়। আসলে স্বামীর সহযোগিতা ছাড়া কর্মজীবী নারীর পক্ষে সফল হওয়া কঠিন। এ সময় তিনি জানতে চান, মালিহার স্বামী সেখানে উপস্থিত আছেন কি না। তখন স্বামী দাঁড়িয়ে বলেন, ‘আমি সহায়তা করি, ভবিষ্যতেও করব।’ উপস্থিত সবাই করতালি দিয়ে তাঁকে অভিনন্দিত করেন।
ঔপন্যাসিক নাসরীন জাহান জানতে চান, সাহিত্য সাময়িকীর অবয়ব বৃদ্ধি করা যায় কি না। কারণ, প্রথম আলোতে লেখা ছাপা হলে যে সাড়া পাওয়া যায়, অন্য পত্রিকায় লিখে তা পাওয়া যায় না। তাই লেখকদের প্রত্যাশা বেশি প্রথম আলোর কাছে। উত্তরে ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, দেশে গুণী লেখক বাড়ছে। পাতা বৃদ্ধির চেষ্টা থাকবে। তবে ঈদসংখ্যা, বিশেষ সংখ্যা ও কিশোর আলোতেও লেখকদের লেখা ছাপা হচ্ছে।
পম্পি রায়ের প্রশ্ন, প্রথম আলোতে বিজ্ঞাপন বেশি কেন? সংবাদ বাড়ানো যায় কি না? এর উত্তরে বাণিজ্য বিভাগের প্রধান তানভীর আহমেদ বলেন, বিজ্ঞাপনের জন্য সংবাদ কমিয়ে দেওয়ার মতো আপস করা হয় না। এরপরও কীভাবে সংবাদ বেশি দেওয়া যায়, সেই চেষ্টা অব্যাহত থাকবে। তবে সংবাদপত্রের একটি বাণিজ্যিক দিকও আছে।
প্রশ্নোত্তর পর্বে মঞ্চে আরও উপস্থিত ছিলেন প্রধান বার্তা সম্পাদক লাজ্জাত এনাব মহছি, ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র, যুব কর্মসূচি সমন্বয়কারী মুনীর হাসান ও বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী,