এগিয়ে যাচ্ছে দুই শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন দুই কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের শিশু রিতা ও সুমাইয়া l ছবি: প্রথম আলো
চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে প্রতিদিন দুই কিলোমিটার পথ সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাতায়াত করে বগুড়ার সোনাতলা উপজেলার হুয়াকুয়া গ্রামের শিশু রিতা ও সুমাইয়া l ছবি: প্রথম আলো

বর্ষার রোদেলা সকাল। নীল আকাশে মেঘ ঠেলে বেরিয়ে আসছে কড়া রোদের তেজ। সবুজ মাঠের বুক চিরে আঁকাবাঁকা পাকা সড়ক ধরে সাইকেল চালিয়ে এগিয়ে যাচ্ছে দুই শিশু। দুজনের চিবুক বেয়ে ঝরছে ফোঁটা ফোঁটা ঘাম। কাঁধে বই-খাতা ভরা দুটি ব্যাগ। স্কুলে ঘণ্টা বেজে ওঠার সময় যত ঘনিয়ে আসছে, সাইকেলের গতি তত বাড়ছে। প্রথম ঘণ্টা বাজার আগেই স্কুল ফটকে পৌঁছাল তারা। স্কুলে ঢোকার আগে ফটকের বাইরে থেকে কিনল টিফিন।
গত শনিবার সকালে বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্যা-চরপাড়া সড়কে সাইকেল চালিয়ে দুই শিশুর স্কুলে যাওয়ার এই দৃশ্য চোখে পড়ল। শিশু দুটির নাম রিতা আকতার ও সুমাইয়া আকতার (হ্যাপি)। বাড়ি সোনাতলা উপজেলার পাকুল্যা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামে। দুজনই পড়াশোনা করে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে চরপাড়া আলিফ কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণিতে। স্কুলে যাতায়াতের পথে সময়মতো যানবাহন না পাওয়ায় প্রতিদিন সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যায়। ছুটির ঘণ্টা বাজলে আবার সাইকেলে চেপেই বাড়ি ফেরে।
রিতার বাবা রাঙ্গা মিয়া ও সুমাইয়ার বাবা নজরুল ইসলাম দুজনই চাকরির সুবাদে বাইরে থাকেন। আর দুজনের মা বাড়িতে সংসার সামলান। রিতা বলে, দুই বোন এক ভাই তারা। ছোট বোন মিরা পড়ে হুয়াকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আর ভাই এখনো স্কুলে যায় না।

রিতার জানায়, তার বাবা চাকরির সুবাদে সারা বছর বাইরে থাকেন। আর সংসার সামলাতেই সময় যায় গৃহিণী মা মর্জিনা বেগমের। গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও সেখানে পড়াশোনা ঠিকমতো হয় না। এ জন্য তার বাবা তাকে ভর্তি করে দেন দুই কিলোমিটার দূরে চরপাড়া বাজারের কিন্ডারগার্টেন স্কুলে। কিন্তু বিদ্যালয়ে যাতায়াত করানোর মতো বাড়িতে কেউ নেই।

রিতা আরও জানায়, ‘কখনো ভ্যানে চড়ে, কখনো হেঁটে বিদ্যালয়ে যেতাম। কিন্তু সময়মতো ভ্যান পাওয়া যেত না। হেঁটে গেলে বিদ্যালয়ের ঘণ্টা পড়ে যেত। বছর দুয়েক আগে বাবার কাছে একটা সাইকেল আবদার করি। সেটা চালিয়েই এখন স্কুলে যাই।’

মুঠোফোনে কথা হয় রিতার মা মর্জিনা বেগমের সঙ্গে। তিনি বলেন, শিশুবয়সী মেয়ে। একা পথে সাইকেল চালিয়ে স্কুলে যাতায়াত করে। দুর্ঘটনার শঙ্কায় থাকেন তিনি। ওর বাবা সারা বছর বাইরে থাকেন। সংসার সামলাতে গিয়ে ওকে স্কুলে নিয়ে যেতে পারেন না। বাড়ির কাছে ভালো কোনো স্কুলও নেই। বাধ্য হয়ে দূরের স্কুলে ভর্তি করেছেন।

সুমাইয়ার বাবা নজরুল ইসলামও চাকরির সুবাদে শহরে থাকেন। ছোট ভাই রিজুয়ানকে সামলাতেই হিমশিম খেতে হয় মা রেশমা বেগমকে। স্কুলে সঙ্গে যাওয়ার মতো কেউ না থাকায় বাবার কাছে একটা সাইকেলের আবদার করে সুমাইয়া। বছর দেড়েক আগে তাকে সাইকেল কিনে দেন বাবা। এরপর থেকেই রিতার সঙ্গে সাইকেল চালিয়ে স্কুলে যাতায়াত করে সে।

রিতা ও সুমাইয়া দুজনেই বড় হয়ে চিকিৎসক হতে চায়। চিকিৎসক হতে চাও কেন—প্রশ্ন ছুড়তেই রিতা বলে, ‘চিকিৎসক হলে মানুষের সেবা করতে পারব।’ সুমাইয়া বলে, ‘গ্রামে কোনো ডাক্তার নাই। পাড়ার গরিব মানুষের অসুখ হলে টাকার অভাবে কেউ শহরে যেতে পারে না। এ কারণে চিকিৎসক হতে চাই। গরিব মানুষের সেবা করতে চাই।’